রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব
সংসদে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের প্রস্তাব
জাতীয় সংসদে আজ রোববার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার নবম দিনে সরকারি দলের সাংসদেরা নির্বাচন কমিশন স্বাধীন হলে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের প্রস্তাব করেছেন।তাঁরা বলেন, বিগত দুটি উপনির্বাচন ও পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানই এর প্রমাণ। তাঁরা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হওয়ায় এর অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েছে।১ ফেব্রুয়ারি মঙ্গলবার চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। হুইপ আ স ম ফিরোজ এ ধন্যবাদ প্রস্তাব সমর্থন করেন।গত ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদের অষ্টম ও নতুন বছরের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেন।রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার নবম দিনে সরকারি দলের মো. মতিউর রহমান, শাহীন মনোয়ারা হক ও মো. ফরিদুল হক খান অংশ নেন।আলোচনায় অংশ নিয়ে সরকারির দলের সদস্যরা আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হয়। এবারও শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত দুই বছরে দেশের সব ক্ষেত্রে লক্ষণীয় উন্নয়ন হয়েছে। বিশেষ করে শিক্ষা ও কৃষি এ দুটি মৌলিক খাতে অনেক উন্নয়ন হয়েছে। বাসস।