সংসদে তেল-গ্যাস জাতীয় কমিটির সমালোচনা
সংসদে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি তীব্র সমালোচনার মুখে পড়েছে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে আজ রোববার তীব্র ভাষায় সমালোচনা করেন এই কমিটিকে।প্রতিমন্ত্রী প্রশ্ন করেন, ‘কীভাবে তারা জাতীয় কমিটি, কে তাদের রায় দিয়েছে এই জাতীয় কমিটি করতে? কিছু টোকাই নিয়ে গঠিত এই কমিটি কীভাবে জাতীয় কমিটি হয়?’স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে আজ ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হয়। তবে হাছান মাহমুদ বক্তব্য দেওয়ার সময় সভাপতিত্ব করছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য জাতীয় পার্টির মুজিবুল হক।হাছান মাহমুদ ব্যঙ্গ করে বলেন, ‘কোথাকার কোন মনু মোহাম্মদ, আনু মোহাম্মদ, তাঁকে জাতীয় কমিটির গঠন করার ম্যান্ডেড কে দিয়েছে? উনি অর্থনীতির অধ্যাপক, তেল-গ্যাসের কী বোঝেন?প্রতিমন্ত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে ডিসেম্বরের শেষ সময়ের নিত্যপণ্যের দাম ও বর্তমানের দামের তুলনা করে মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সমালোচনার জবাব দেন। তিনি বলেন, চার ধরনের বিশেষজ্ঞ আছে দেশে। বিশেষ কারণে বিশেষজ্ঞ, বিশেষভাবে অজ্ঞ, প্রকৃত বিশেষজ্ঞ ও সব জানতা বিশেষজ্ঞ। তিনি এই পর্যায়ে আশপাশের দেশের মূল্যস্ফীতির হারের তথ্য দিয়ে বলেন, বাংলাদেশে মূল্যস্ফীতি সব চেয়ে কম।এর আগে জাতীয় পার্টির মুজিবুল হক বলেন, সংবিধান অনুসারে জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। আর সাংসদেরা তাদের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু বাজেট তৈরি হয় আমলাদের নিয়ে। সাংসদদের মতামতের প্রতিফলন হয় না। তিনি বলেন, যে সরকার ক্ষমতায় এসেছে নিজেদের মতো করে বিচারপতি নিয়োগ দিয়েছে। এতে বিতর্ক তৈরি হয়েছে। বিচার বিভাগে যোগ্য লোক নিয়োগের ব্যবস্থা থাকা দরকার বলে তিনি মত দেন।মুজিবুল হক তাঁর প্রস্তাবিত বিল পাস করে হরতাল বন্ধের ব্যবস্থা নিতে সাংসদদের কাছে আহ্বান জানান। মুজিবুল হক বলেন, কোনো উন্নয়নই আগামী নির্বাচনে জনগণের ভোট এনে দেবে না। কিন্তু যদি চাল, ডাল তেলসহ নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়সীমা, কমদামে কেনার ব্যবস্থা করা যায়, তাহলে আর কোনোকিছুই ভাবতে হবে না।প্রস্তাবিত বাজেটের ওপর অন্যান্যের মধ্যে আলোচনায় আরও অংশ নেন এ কে এম রহমতউল্লাহ, নারায়ণ চন্দ্র চন্দ, এস কে আবু বাকের, শাহ আলম প্রমুখ।