বাজেট উপস্থাপনের সময় অধিবেশনে না থাকলেও সংসদ ভবনের ভেতরেই আছেন প্রধান বিরোধী দল বিএনপির সাংসদেরা। সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বসে তাঁরা বাজেট পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।এবারও বাজেট উপস্থাপনের সময় বিরোধী দল উপস্থিত না থাকায় হতাশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘সংসদ বর্জনের অপসংস্কৃতি’ বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার জন্য নতুন স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ বাজেট বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।চলতি বাজেট অধিবেশনের শুরু থেকে সংসদে যোগ দিলেও বিএনপি গতকাল বুধবারই আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, বাজেট উপস্থাপনের সময় তারা সংসদে থাকবে না। বিএনপির সূত্র জানায়, আজ বিকেল থেকে সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে একটি দল বাজেট পর্যবেক্ষণ করছে। অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপন শেষে দলটি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। সংসদ বর্জনের সমালোচনায় অর্থমন্ত্রীঅর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের সংসদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিবাদের ভাষা হিসেবে নিরবচ্ছিন্নভাবে আমরা সংসদ বর্জন করে থাকি। অবশ্য সংসদীয় কমিটি এবং অন্যান্য কার্যক্রমে সব সংসদ সদস্যই অংশ নেন। এই বয়কট সংস্কৃতিটি একবারেই অগ্রহণযোগ্য। জনগণের প্রতিনিধিরা তাদের কথা যদি না বলেন অথবা তাদের সম্বন্ধে সংসদে যেসব কথাবার্তা হচ্ছে, সেগুলো না শোনেন বা খেয়াল না করেন, তাহলে ভোটারদের প্রতি অন্যায় করা হয়। বলতে গেলে যাঁরা শুধু বেতন-ভাতা রক্ষার জন্য মাঝেমধ্যে সংসদে হাজির হন, তাঁদের সংসদ সদস্যের দায়িত্ব থেকে অবকাশ নেওয়া উচিত। যে অজুহাতে সংসদ বর্জন করা হয়, সেটিও সঠিক নয়। কথা বলতে না পারলে বা প্রস্তাব উত্থাপন করতে না পারলে সংসদ থেকে ওয়াকআউটের সংস্কৃতি রয়েছে, তা অত্যন্ত ভদ্র সংস্কৃতি।’ অর্থমন্ত্রী বলেন, ‘আমার দুঃখ যে আমি চারটি বাজেট এই মহান সংসদে পেশ করেছি এবং সবগুলো উপস্থাপনাই বিরোধী দলের সংসদ সদস্যদের অনুপস্থিতিতেই হয়েছে।’