সংসদে দুই নেত্রীর উত্তেজিত বিতর্ক
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিচারপতি, মন্ত্রীদের বেতন-ভাতা বাড়ানোর বিল পাস হওয়ার পর এ বিষয়ক সাংসদদের বিলটি উত্থাপনের পরই আজ রোববার রাতে হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার মধ্যে প্রায় আধ ঘণ্টা উত্তেজিত বিতর্ক চলে। একপর্যায়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের সাংসদেরা রাত সোয়া নয়টার দিকে সংসদ থেকে ওয়াকআউট করেন।প্রায় দেড় মাস পর আজই প্রথম খালেদা জিয়া সংসদে যোগ দেন। বিরোধী দলের ওয়াকআউটের পরপরই সাংসদদের বেতন-ভাতা বৃদ্ধিসম্পর্কিত বিলটি সংসদে পাস হয়।রাত নয়টায় আইনমন্ত্রী শফিক আহমেদ সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর বিলটি সংসদে উপস্থাপন করলে বিরোধী দলের সাংসদেরা এতে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফ্লোর নিয়ে বিলটির বিরোধিতা করে বলেন, ‘আগে মানুষের গ্যাস, পানি, বিদ্যুতের সমস্যা মেটান। এখন এ বিল প্রত্যাহার করে নিন।’ এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, ‘বিলটি উত্থাপনের পর আপনারা সংশোধনী বা জনমত যাচাইয়ের প্রস্তাব দিতে পারেন, কিন্তু এভাবে বক্তব্য দেওয়ার সুযোগ নেই।’ এর পর সামনের সারিতে থাকা সালাউদ্দিন কাদের চৌধুরী দাঁড়িয়ে ফ্লোর চান। এ সময় বিরোধী দলের সাংসদেরা দাঁড়িয়ে একযোগে চিত্কার করে এ বিলটির বিরোধিতা করেন। এ সময় বিরোধীদলীয় নেত্রী তাঁর আসনে বসে সালাউদ্দিন কাদেরকে ফ্লোর দিতে বলেন।একপর্যায়ে সংসদ নেতা শেখ হাসিনা ফ্লোর নিয়ে বলেন, এটা বিরোধী দলের স্ট্যান্টবাজি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বর্তমান সরকার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছে। এরপর একইভাবে রাষ্ট্রপতি থেকে সাংসদদের বেতন-ভাতা বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁরা পাঁচ বছর চুরি করেছেন, এখন বলছেন বেতন বাড়ানো লাগবে না। ছেঁড়া গেঞ্জি আর ভাঙা সুটকেস থেকে হাজার হাজার কোটি টাকা বের হয়ে এসেছে। তাই তাঁদের তো বেতন-ভাতার দরকার হয় না। কিন্তু সরকারি দলের সদস্যরা বেতন-ভাতার টাকায় চলেন।’প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল আজ জনগণের ওপর হঠাৎ দরদ দেখানোর নাটক করার চেষ্টা করছেন। অথচ তাদের কৃতকর্মের ফল জনগণ এখনো ভোগ করছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, বিদ্যুৎ এবং গ্যাসের সংকট তারাই সৃষ্টি করে গেছে। সমস্যার সেই বিশাল পাহাড় নিয়ে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে। তারা কোনো কিছুই সমাধান করতে পারেনি, কেবল দুর্নীতি করে টাকার পাহাড় গড়া ছাড়া।এরপর ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য আখ্যায়িত করে বলেন, বিএনপি সরকারের আমলে সবার বেতন বাড়ানো হয়েছিল। সে সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও ছিল না। গ্যাস, বিদ্যুৎ, পানির সংকটও ছিল না। বিগত তত্ত্বাবধায়ক সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার মইনউদ্দীন-ফখরুদ্দীনের সঙ্গে আঁতাত সরকার ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যে মইনউদ্দীন-ফখরুদ্দীনরা আপনাকে স্লো পয়জনিং করে হত্যা করতে চেয়েছিল, তাদের কি শাস্তি হওয়া উচিত নয়? প্রধানমন্ত্রী নিজেই তো সংসদে এ কথা বলেছেন।’ তিনি বলেন, সরকারি দলের অনেক সাংসদও তাঁদের নির্যাতনের কথা এ সংসদে বলেছেন। কিন্তু এরপর কেন তাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে না, জনগণ তা জানতে চায়।খালেদা জিয়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে বলেন, ‘সর্বত্র চলছে এখন আওয়ামী লীগের সোনার ছেলেদের দখল বাণিজ্য। যে মন্ত্রী সাংসদদের বেতন বাড়ানো হচ্ছে, তাঁদের মনোরঞ্জনে ব্যবহার করা হচ্ছে ইডেন কলেজের মেয়েদের।’ এরপর তিনি বলেন, ‘সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর বিল প্রত্যাহার না করায় আমরা ওয়াকআউট করছি।’এ সময় স্পিকার বলেন, পাঁচটি একই ধরনের বিল পাস হলো আর সাংসদদের বিলের সময় ওয়াকআউট করলেন—এ কেমন কথা হলো। সাংসদদের দাবির কারণেই তো তাঁদের বেতন-ভাতা বাড়ানোর এ বিল আনা হয়েছে।এ সময় প্রধানমন্ত্রী আবার ফ্লোর নিয়ে বলেন, বিরোধীদলীয় নেত্রী তো মন্ত্রীর সুযোগ-সুবিধা পান। তাই তাঁর বেতন-ভাতা বাড়ানোর বিল পাস হয়ে গেছে। উনি চলে গেছেন। এখন সাংসদদের সুবিধা দেখার তো তাঁর প্রয়োজন নেই। তিনি বলেন, মইনউদ্দীন-ফখরুদ্দীন তো বিএনপির সৃষ্টি। ১০ জন ডিঙিয়ে মইনকে এই বিএনপিই সেনাপ্রধান করেছিল, যাতে চুরি করে তাদের ক্ষমতায় বসাতে পারে। ইয়াজউদ্দিন অবশ্য চেষ্টাও করেছিল। আর ফখরুদ্দীন তো তাদের লোক ছিল। তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী চাইলেই তো তাঁদের বিরুদ্ধে মামলা করতে পারেন। সরকার কোনো হস্তক্ষেপ করবে না।এরপর রাত ১০টায় বিরোধী দলের অনুপস্থিতিতে সাংসদদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত বিলটি পাস হয়।