সংসদে দুই নেত্রীর তুমুল বিতর্ক, বিরোধী দলের ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার মধ্যে তুমুল বিতর্ক হয়েছে। একপর্যায়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধীদলীয় সদস্যরা ওয়াকআউট করেন। প্রায় দেড় মাস পর খালেদা জিয়া গতকাল সংসদে যোগ দেন। গতকাল সংসদে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিচারপতি, মন্ত্রীদের বেতন-ভাতা বাড়ানো-সংক্রান্ত পাঁচটি বিল পাসের পর রাত নয়টায় সাংসদদের বেতন বাড়ানো-সংক্রান্ত বিল উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিরোধী দলের সদস্যরা এর বিরোধিতা করেন। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক ফ্লোর নিয়ে বলেন, ‘আগে মানুষের গ্যাস, পানি, বিদ্যুতের সমস্যা মেটান। এখন এ বিল প্রত্যাহার করে নিন।’ এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, ‘বিলটি উত্থাপনের পর আপনারা সংশোধনী বা জনমত যাচাইয়ের প্রস্তাব দিতে পারেন, কিন্তু এভাবে বক্তব্য দেওয়ার সুযোগ নেই।’ এ সময় সামনের সারিতে থাকা বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী ফ্লোর চান। বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে একযোগে বিলটির বিরোধিতা করেন। বিরোধীদলীয় নেত্রী সালাউদ্দিন কাদেরকে ফ্লোর দিতে বলেন। একপর্যায়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লোর নিয়ে বলেন, ‘এটা বিরোধী দলের স্ট্যান্টবাজি। কারণ, বিগত বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় এসে একবার ২০০১ সালে, আবার ২০০৫ সালে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন-ভাতা বাড়িয়েছিল। কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ায়নি।’ তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে বর্তমান সরকার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছে। এরপর একইভাবে রাষ্ট্রপতি থেকে সাংসদদের বেতন-ভাতা বাড়ানো হচ্ছে। ক্ষুব্ধ কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের সদস্যরা তো পাঁচ বছর চুরি করে এখন বেতন বাড়ানো লাগবে না বলছেন। ছেঁড়া গেঞ্জি আর ভাঙা সুটকেস থেকে হাজার হাজার কোটি টাকা বের হয়ে এসেছে। তাই তাঁদের তো বেতন-ভাতার দরকার হয় না। কিন্তু সরকারি দলের সদস্যরা বেতন-ভাতার টাকায় চলেন।’ তিনি বলেন, ‘বিরোধী দল আজ জনগণের ওপর হঠাৎ দরদ দেখানোর নাটক করার চেষ্টা করছে। অথচ তাঁদের কৃতকর্মের ফল জনগণ এখনো ভোগ করছে। জঙ্গিবাদ, সন্ত্রাস থেকে বিদ্যুৎ আর গ্যাসের সংকট তাঁরাই সৃষ্টি করে গেছেন। সমস্যার সেই বিশাল পাহাড় নিয়ে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে। কেবল দুর্নীতি করে টাকার পাহাড় গড়া ছাড়া তাঁরা কোনো কিছুই সমাধান করতে পারেননি। আর এ কারণে তাঁরা টাকার পাহাড়ের ওপর দাঁড়িয়ে স্ট্যান্টবাজি করার চেষ্টা করছেন।’এরপর খালেদা জিয়া ফ্লোর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য আখ্যায়িত করে বলেন, বিএনপি সরকারের আমলে সবারই বেতন বাড়ানো হয়েছিল। সে সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও ছিল না, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকটও ছিল না। বিগত তত্ত্বাবধায়ক সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার মইন-ফখরুদ্দীনের সরকারের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যে মইন-ফখরুদ্দীনরা আপনাকে স্লো পয়জনিং করে হত্যা করতে চেয়েছিলেন, তাঁদের কি শাস্তি হওয়া উচিত নয়? প্রধানমন্ত্রী নিজেই তো সংসদে এ কথা বলেছেন।’ বিরোধীদলীয় নেত্রী বলেন, মইন-ফখরুদ্দীনের বিচার করতেই হবে। কারণ, তাঁরা গত দুই বছরে দেশে যে সমস্যা তৈরি করে গেছেন, তার হিসাব নিতে হবে। সরকারি দলের অনেক সদস্যও তাঁদের নির্যাতনের কথা এ সংসদে বলেছেন। কিন্তু এরপর কেন তাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে না, জনগণ তা জানতে চায়। এত ভয় কিসের? তিনি বলেন, হাটে হাঁড়ি ভেঙে দিতে পারে—এ ভয়েই সম্ভবত বর্তমান সরকার তাঁদের সঙ্গে আপস করে চলেছেন। খালেদা জিয়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে বলেন, ‘এখন সর্বত্র চলছে আওয়ামী লীগের সোনার ছেলেদের দখল-বাণিজ্য। যে মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানো হচ্ছে, তাঁদের মনোরঞ্জনে ব্যবহার করা হচ্ছে ইডেন কলেজের মেয়েদের।’ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী নিজেই তো বলেছেন যে দেশে বিদ্যুতের দুর্ভিক্ষ চলছে। আসলে আওয়ামী লীগ মানেই দুর্ভিক্ষ। দেশে আজ বিদ্যুৎ নেই, গ্যাস নেই। সর্বত্র হাহাকার চলছে।’ বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের ব্যর্থতার কারণে ৫৭ জন সেনা কর্মকর্তার প্রাণ গেছে। সম্ভ্রমহানি হয়েছে অনেক মা-বোনের। তিনি বলেন, ‘আমরা ভারতবিরোধী নই, দেশপ্রেমিক। কিন্তু প্রধানমন্ত্রীর ভারত সফর কেন গোপন করা হচ্ছে? সংসদে এ নিয়ে আলোচনা হচ্ছে না কেন? কেন সীমান্তে বিএসএফের গুলিতে মানুষ মরছে? এর জবাব দিতে হবে।’ এরপর তিনি বলেন, ‘সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর বিল প্রত্যাহার না করায় আমরা ওয়াকআউট করছি।’ রাত সোয়া নয়টার দিকে খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদকক্ষ থেকে বের হয়ে যেতে থাকেন।এ সময় স্পিকার বলেন, ‘পাঁচটি একই ধরনের বিল পাস হলো আর সাংসদদের বিলের সময় ওয়াকআউট, এ কেমন কথা হলো। সাংসদদের দাবির কারণেই তো তাঁদের বেতন-ভাতা বাড়ানোর এ বিল আনা হয়েছে। তাহলে এ বক্তব্য ও ওয়াকআউটের কারণটা কী?’ এরপর প্রধানমন্ত্রী আবার ফ্লোর নিয়ে বলেন, ‘কারণটা হলো বিরোধীদলীয় নেত্রী তো মন্ত্রীর সুযোগ-সুবিধা পান। তাই তাঁর বেতন-ভাতা বাড়ানোর বিল পাস হয়ে গেছে। উনি চলে গেছেন। এখন সাংসদদের সুবিধা দেখার তো তাঁর প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘মইন-ফখরুদ্দীন তো বিএনপির সৃষ্টি। ১০ জনকে ডিঙিয়ে মইনকে এই বিএনপিই সেনাপ্রধান করেছিল, যাতে চুরি করে তাদের ক্ষমতায় বসাতে পারে। ইয়াজউদ্দিন অবশ্য চেষ্টাও করেছিলেন। আর ফখরুদ্দীন তো তাঁদের লোক ছিলেন।’ তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী চাইলেই তো তাঁদের বিরুদ্ধে মামলা করতে পারেন। সরকার কোনো ইন্টারফেয়ার করবে না। আদালত তো স্বাধীন। অন্যায় করলে অবশ্যই তার বিচার করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ, পানি, গ্যাসের অনেক সমস্যার কথা আমরা জানি। কিন্তু এসব তো বিরোধী দলের পাপের ফসল। তাদের পাপের বোঝা আমরা টানছি।’ বিডিআর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী হয়তো লাশের স্তূপ চেয়েছিলেন। ৫৭ লাশে তাঁর মন ভরেনি। নইলে দেশের ওই দুর্যোগের সময় কালো গ্লাসের গাড়িতে করে ওই দিন রাতে কোথায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন। সেদিন তাঁর মনে কী ষড়যন্ত্র ছিল, তা নিয়েও তো আজ প্রশ্ন উঠেছে।’রাত ১০টায় বিরোধী দলের অনুপস্থিতিতে সাংসদদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত বিল পাস হয়। এরপর সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।