সংসদে দুটি বিল ও তিনটি অধ্যাদেশ উত্থাপন
জাতীয় সংসদে আজ বুধবার দুটি বিল ও তিনটি অধ্যাদেশ উত্থাপিত হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উত্থাপন করা বিল দুটি হলো আয়কর (সংশোধন) বিল ২০১০ ও স্ট্যাম্প (সংশোধন) বিল ২০১০। বিল দুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।আয়কর বিল সংশোধনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ১৯৮৪ সালের আয়কর আইন অনুযায়ী সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ডের বাইরের, অর্থাত্ মফস্বলের অকৃষি জমি হস্তান্তরের ক্ষেত্রে উেস করের হার এক শতাংশ। এসব এলাকার এক লাখ টাকা পর্যন্ত মূল্যের অকৃষি জমি হস্তান্তরের ক্ষেত্রে উেস কর প্রযোজ্য নয়। প্রস্তাবিত সংশোধনীতে এসব জমির জন্যও এক শতাংশ হারে উেস কর নির্ধারণ করা হয়েছে। স্ট্যাম্প আইন ১৮৯৯ সংশোধনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী মফস্বল এলাকার জন্য স্ট্যাম্প শুল্কের হার দুই শতাংশ। অপরদিকে শহর এলাকায় স্ট্যাম্প শুল্কের হার তিন শতাংশ। এর ফলে শহর এলাকায় প্রতারণার আশ্রয় নিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে। তাই শহর ও মফস্বল, উভয় ক্ষেত্রে জমি নিবন্ধনের ক্ষেত্রে স্ট্যাম্প শুল্কের হার তিন শতাংশ করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সংসদে তিনটি অধ্যাদেশ উত্থাপন করেন। এগুলো হলো আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) অধ্যাদেশ ২০১০, বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল অধ্যাদেশ ২০১০ এবং বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০১০। আজ সংসদে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন, কর ন্যায়পাল কার্যালয়ের বার্ষিক প্রতিবেদন ও তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন উত্থাপন করা হয়।সংসদের অধিবেশন কাল বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।