সংসদে দ্বাদশ অধিবেশন চলবে ৮ মার্চ পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন কাল বুধবার বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হচ্ছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন এই অধিবেশন চলবে ৮ মার্চ পর্যন্ত। সংসদ সচিবালয় সূত্র জানায়, এই অধিবেশন ২৭ কার্যদিবস স্থায়ী হতে পারে।আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় সংসদে ভবনে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির ১৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল সোয়া চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে। তবে স্পিকার প্রয়োজনে এ সময়সীমা বাড়াতে অথবা কমাতে পারবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাষণ দেবেন কাল সন্ধ্যা ছয়টায়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৪০ ঘণ্টা আলোচনা হবে।বিকেল সাড়ে তিনটায় অধিবেশন শুরুর পরপরই সংসদীয় রেওয়াজ অনুযায়ী সদ্যপ্রয়াত সাংসদ আবদুর রাজ্জাকের ওপর শোকপ্রস্তাব এনে অধিবেশন মুলতবি করা হবে। সন্ধ্যার পর অধিবেশন পুনরায় শুরু হবে।বৈঠকে অংশ নেন কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইচ এম এরশাদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ আব্দুস শহীদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, ফজলে রাব্বী মিয়া, রহমত আলী, রাশেদ খান মেনন ও আবদুল মতিন খসরু। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বৈঠকে উপস্থিত ছিলেন না। তিনি আগের ১৫টি বৈঠকেও অংশ নেননি।এর আগে সংসদের দশম অধিবেশন চার কার্যদিবস এবং ১১তম অধিবেশন ১৩ কার্যদিবস স্থায়ী হয়েছিল। তার আগে অষ্টম অধিবেশন ৩৩ এবং নবম অধিবেশন স্থায়ী ছিল ৩০ কার্যদিবস।