সংসদে নতুন বাজেট পাস
বিরোধী দলের অনুপস্থিতিতেই আজ বুধবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট পাস হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চলতি অর্থবছরে এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়।এই বাজেটে উন্নয়ন ব্যয় বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা। আর সব মিলিয়ে অনুন্নয়ন ব্যয়ের পরিমাণ এক লাখ ১৭ হাজার ৫৮৯ কোটি টাকা।বিশাল এই ব্যয় পরিকল্পনার বিপরীতে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ১৮ হাজার ৩৮৫ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর ৯১ হাজার ৮৭০ কোটি টাকা। এর বাইরে এনবিআর-বহির্ভূত করের পরিমাণ তিন হাজার ৯১৫ কোটি টাকা এবং কর-বহির্ভূত রাজস্ব ২২ হাজার ৬০০ কোটি টাকা।আয় ও ব্যয়ের ভারসাম্যহীনতায় আগামী অর্থবছরে সামগ্রিক ঘাটতি দাঁড়াবে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা। তবে অনুদান বাদ দিলে ঘাটতি হবে ৪০ হাজার ২৬৬ কোটি টাকা। এই ঘাটতি মেটানোর একটি পরিকল্পনাও অর্থমন্ত্রী সংসদকে দিয়েছেন।মূলত ১৩ হাজার ৫৮ কোটি টাকার বৈদেশিক ঋণ এবং ২৭ হাজার ২০৮ কোটি টাকা অভ্যন্তরীণ উত্স থেকে ঋণের মাধ্যমে বাজেটঘাটতি মেটানো হবে। অভ্যন্তরীণ উেসর মধ্যে ব্যাংক-ব্যবস্থা থেকে নেওয়া হবে সর্বোচ্চ ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা এবং সঞ্চয়পত্র বিক্রি করে পাওয়া যাবে ছয় হাজার কোটি টাকা।চলতি অর্থবছরের বাজেট ব্যয়ের বাইরে সরকারের বিভিন্ন ধরনের সংযুক্ত দায় মিলিয়ে মোট দুই লাখ ৩২ হাজার ৪৬৪ কোটি আট লাখ ৫৯ হাজার টাকার নির্দিষ্টকরণ বিল জাতীয় সংসদে আজ পাস করা হয়।উল্লেখ্য, মোট বাজেট ব্যয়ের মধ্যে বৈদেশিক অনুদান রয়েছে। সেই অনুদান বাদ দিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে নির্দিষ্টকরণ অর্থ মঞ্জুরের জন্য সংসদে পাস করা হয়েছে।