সংসদে নতুন বাজেট পাস, আজ থেকে বাস্তবায়ন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ২০১০-১১ অর্থবছরের বাজেট পাস হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি এ সময় সংসদে উপস্থিত ছিল না। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল বুধবার অনুষ্ঠিত অধিবেশনে চলতি অর্থবছরে এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ব্যয় ধরা হয়েছে ৩৮ হাজার ৫০০ কোটি টাকা এবং অনুন্নয়ন-ব্যয় রয়েছে ৯৩ হাজার ৬৭০ কোটি টাকা।তবে এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোতে নেই, এমন কয়েকটি উন্নয়নকাজ উন্নয়নমূলক ব্যয় হিসেবে দেখানো হয়েছে; যেমন, উন্নয়নমূলক ব্যয়ের মধ্যে রাজস্ব বাজেট থেকে অর্থায়ন করা উন্নয়ন কর্মসূচিতে এক হাজার ৪৯৮ কোটি টাকা, এডিপিবহির্ভূত প্রকল্পে এক হাজার ৫৭৮ কোটি টাকা ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে এক হাজার ১৯৪ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে। এডিপি এবং এই তিনটি প্রকল্প ও কর্মসূচি নিয়ে উন্নয়নমূলক ব্যয় ধরা হয়েছে ৪২ হাজার ৭৭০ কোটি টাকা।সামগ্রিক এই বাজেট-ব্যয় মেটাতে সরকার রাজস্ব আয় প্রাক্কলন করেছে ৯২ হাজার ৮৪৭ কোটি টাকা। রাজস্ব আয়ের অতিরিক্ত ব্যয় (ঘাটতি) মেটাতে ঋণ ও বৈদেশিক অনুদান প্রাপ্তির হিসাব করা হয়েছে ৩৯ হাজার ৩২৩ টাকা। এর মধ্যে বৈদেশিক অনুদান চার হাজার ৮০৯ কোটি টাকা, আর বাকি সব অর্থ অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ করা হবে।এদিকে চলতি অর্থবছরের বাজেট ব্যয়ের বাইরে সরকারের বিভিন্ন ধরনের সংযুক্ত দায় মিলিয়ে মোট এক লাখ ৯৯ হাজার ৮৭৩ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার টাকা নির্দিষ্টকরণ বিল জাতীয় সংসদে গতকাল পাস করা হয়েছে। এর মধ্যে আছে চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেট বাস্তবায়নের ব্যয় এক লাখ ২৭ হাজার ৮৬৫ কোটি টাকা এবং সংযুক্ত তহবিলের ওপর দায় ৭২ হাজার আট কোটি ১৯ লাখ ৯০ হাজার টাকা। সংযুক্ত তহবিলের দায়ের মধ্যে ট্রেজারি বিলের দায় পরিশোধ, হাইকোর্টের বিচারপতি ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বেতন ইত্যাদি দায় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, মোট বাজেট-ব্যয় এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার মধ্যে বৈদেশিক অনুদান রয়েছে। সেই অনুদান বাদ দিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে নির্দিষ্টকরণ অর্থ মঞ্জুরের জন্য সংসদে পাস করা হয়েছে।এদিকে আগের দিন মঙ্গলবার ৩১টি ক্ষেত্রে কর কমানো, অব্যাহতি ও প্রত্যাহারসহ অর্থবিল জাতীয় সংসদে পাস হয়। এর পরিপ্রেক্ষিতে সরকারের রাজস্ব আয়ে কিছু পরিবর্তন ঘটবে। কিন্তু জাতীয় সংসদে এর কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। অন্যদিকে সংসদে জাতীয় বাজেটের প্রকৃত ব্যয়ও উত্থাপন করা হয় না। গত মঙ্গলবার রাতে অর্থবিল পাস হওয়ার আগে সকালের অধিবেশনে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও সাংসদ মহীউদ্দীন খান আলমগীর বাজেটের প্রকৃত ব্যয় উপস্থাপনের দাবি করেন। তিনি এ ক্ষেত্রে বিশ্বের কয়েকটি দেশে প্রকৃত ব্যয় সংসদে উত্থাপনের তথ্যও দেন।জাতীয় বাজেট পাস করতে গিয়ে মন্ত্রণালয় ও বিভাগ খাতে ৫৩টি অর্থ মঞ্জুরি দাবি তোলা হয়। সেগুলো সংসদ অনুমোদন করে। অপরদিকে সংসদে উপস্থিত না থাকলেও বিশেষত, বিরোধী বিএনপিদলীয় সাংসদেরা লিখিতভাবে নীতি অনুমোদন ছাঁটাই, মিতব্যয় ছাঁটাই, প্রতীক ছাঁটাইয়ের এক হাজারের বেশি প্রস্তাব টেবিলে উপস্থাপন করেন। যেগুলো সাংসদদের অনুপস্থিতির কারণে কণ্ঠভোটে দেওয়া হয়নি। আর স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম উপস্থিত থেকে ৫৩টি ছাঁটাই প্রস্তার দেন। কিন্তু সময়স্বল্পতার কারণে সব প্রস্তাব তিনি উপস্থাপন করতে পারেননি। তিনি চারটি প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। যেগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।