খালেদা জিয়াসহ বাকি ৩৫ জনের এপ্রিলে
সংসদে না ফিরলে ৪ সাংসদের সদস্যপদ শূন্য হবে এ মাসে
চলতি মার্চ মাসে জাতীয় সংসদে যোগ না দিলে টানা ৯০ দিনের অনুপস্থিতির কারণে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের চারজনের সংসদ সদস্যপদ শূন্য হবে। এই অধিবেশনে যোগ না দিলে একই কারণে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াসহ এই জোটের বাকি ৩৫ জনের সদস্যপদও শূন্য হবে। তবে তাঁদের সদস্যপদ শূন্য হবে আগামী মাসে (এপ্রিল)।টানা অনুপস্থিতির কারণে এ মাসে যে চারজন সদস্যপদ হারানোর মুখে রয়েছেন তাঁরা হলেন বিএনপির বরকতউল্লা, শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, মুহাম্মদ মোশাররফ হোসেন এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান। তাঁরা গত রোববার পর্যন্ত সংসদে টানা ৭৬ থেকে ৭৭ দিন অনুপস্থিত রয়েছেন। এঁদের মধ্যে টানা ৭৭ দিন অনুপস্থিতি নোয়াখালী-৩ আসনের বরকতউল্লার। সংবিধান অনুসারে টানা আর ১৪ কার্যদিবস অনুপস্থিত থাকলে এ চারজনের সদস্যপদ শূন্য হয়ে যাবে।জানতে চাইলে বরকতউল্লা প্রথম আলোকে বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করবে। একজন ব্যক্তির সদস্যপদ নিয়ে আমরা ভাবছি না। দলীয়ভাবে যে সিদ্ধান্ত হবে সেটাই চূড়ান্ত।’ তিনি জানান, এ মাসেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।আন্দালিব রহমান বলেন, চারদলীয় জোটের সদস্যদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে জোটনেত্রী বেগম খালেদা জিয়া সময়োচিত সিদ্ধান্ত নেবেন।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি শুরু হওয়া সংসদের চলতি (অষ্টম) অধিবেশন চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। অধিবেশনের মেয়াদ ধরা হয়েছে ৪৪ কার্যদিবস। ইতিমধ্যে এ অধিবেশনের ২১ কার্যদিবস পার হয়েছে। পরিকল্পনা অনুসারে এ মাসে অধিবেশন চলবে আরও ১৬ কার্যদিবস। বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গত রোববার পর্যন্ত টানা অনুপস্থিতি ৭০ দিন। ফলে এপ্রিলের আগে তাঁর সদস্যপদ নিয়ে কোনো সমস্যা নেই। বাকি ৩৪ জনেরও একই অবস্থা। তবে সংসদে যোগ না দিলে এ অধিবেশনেই তাঁদের টানা ৯০ দিনের অনুপস্থিতি পূর্ণ হবে।প্রসঙ্গত, খালেদা জিয়া নবম সংসদে মাত্র পাঁচ দিন উপস্থিত হয়েছেন। ১০ দিন উপস্থিত থেকে কম উপস্থিতির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন কুমিল্লার শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।সংবিধানের ৬৭(খ) অনুচ্ছেদ অনুসারে স্পিকারের অনুমতি ছাড়া কোনো সদস্য টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ শূন্য হবে।বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সংসদে যোগ দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।বিএনপির একাধিক সূত্র জানায়, সদস্যপদ রক্ষার জন্য এ মাসেই সংসদে যোগ দেবেন চারদলীয় জোটের সাংসদেরা।স্পিকার আবদুল হামিদ বলেন, ‘আশা করি শুধু সদস্যপদ রক্ষার জন্য নয়, এমনিতেই প্রধান বিরোধী দলের সদস্যরা সংসদে ফিরে এসে সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করবেন।’ তিনি বলেন, বিরোধী দলের সদস্যদের টানা গড় অনুপস্থিতি প্রায় ৭০ দিন। ফলে বিরোধী দলের সদস্যদের সদস্যপদ রক্ষায় এ অধিবেশনে যোগ দেওয়ার বিকল্প নেই।নবম জাতীয় সংসদে সোমবার পর্যন্ত ১৯৫ কার্যদিবসের মধ্যে প্রধান বিরোধী দল বিএনপিসহ চারদলীয় জোটের সাংসদেরা গড়ে উপস্থিত ছিলেন ৪৪ দিন। বিরোধী দল দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অধিবেশনে পুরোপুরি অনুপস্থিত ছিল। পঞ্চম অধিবেশনে তাঁরা যোগ দেন মাত্র এক দিন। তবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অলি আহমেদ, স্বতন্ত্র ফজলুল আজিম এবং মহাজোটভুক্ত জাতীয় পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টির সাংসদেরা সংসদে নিয়মিত যোগ দেন।সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী বর্তমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪ কার্যদিবসের মধ্যে উপস্থিত ছিলেন ১৪২ দিন। বিগত অষ্টম সংসদে প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়া ৩৭৩ কার্যদিবসের মধ্যে ১৯৫ দিন উপস্থিত ছিলেন। ওই সংসদে বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন ৪৫ দিন।প্রসঙ্গত, বিএনপি গত সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহারে বলেছে, ‘৩০ কার্যদিবস অনুপস্থিত থাকলেই সংসদ সদস্যপদ বাতিল হবে, আমরা সরকার গঠন করতে পারলে এই আইন করব।’