সংসদে নারী আসনের সংখ্যার দিক দিয়ে ভারতের অবস্থান ৯৯ তম
ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় গতকাল মঙ্গলবার পাস হয়েছে নারী সংরক্ষণ বিল। এর ফলে ভবিষ্যতে ভারতের সংসদের উভয়কক্ষে মহিলা আসনসংখ্যা বেড়ে দাঁড়াবে ৩৩ শতাংশ। কিন্তু ভারতের সংসদে এখন যে নারী সাংসদদের সংখ্যা রয়েছে তা কোনোক্রমেই আশাব্যঞ্জক নয়। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার এখন ৫৪৪ জন সদস্যের মধ্যে নারী সাংসদের সংখ্যা ৫৯ জন (১০.৮) এবং উচ্চকক্ষ রাজ্যসভার ২৩৩ সদস্যের মধ্যে নারী সাংসদ রয়েছেন ২১ জন (৯ শতাংশ)।আন্ত সংসদীয় ইউনিয়ন জানিয়েছে, বিশ্বের নিরিখে ভারতীয় সংসদে নারীদের আসনসংখ্যা এখন খুবই কম। বিশ্বে এখন ভারতের স্থান ৯৯তম। অথচ বাংলাদেশ ও পাকিস্তান ভারত থেকে ওপরে রয়েছে। পাকিস্তান ৪৯তম স্থানে আর বাংলাদেশ ৬৭তম স্থানে। তবে নারী আসনের দিক থেকে এখন বিশ্বে শীর্ষে রয়েছে রুয়ান্ডা। রুয়ান্ডা সংসদের নিম্নকক্ষে রয়েছে ৫৩ শতাংশ নারী সাংসদ আর উচ্চকক্ষে রয়েছে ৩৪ শতাংশ নারী সাংসদ। দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন, তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। এরপর রয়েছে যথাক্রমে কিউবা, অ্যাঙ্গোলা, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, নরওয়ে ও মোজাম্বিক।জার্মানি, ইতালি, ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের স্থান যথাক্রমে ১৮, ৫৫, ৬২, ৬৬ ও ৭৪তম স্থানে। আবার সৌদি আরব, ওমান, কাতারসহ ১২টি দেশে কোনো নারী সাংসদ নেই।