সংসদে নিরপেক্ষভাবে কাজ করছি: আবদুল হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘জাতীয় সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। সরকারি দল ও বিরোধী দল আমার কাছে সমান। সংসদকে পবিত্র করতে দিনরাত কাজ করে যাচ্ছি। অনিয়ম, দুর্নীতি বন্ধ করে সংসদকে পবিত্রতার একটি পর্যায়ে নিয়ে এসেছি।’আজ মঙ্গলবার কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হামিদ কিশোরগঞ্জের হাওর অঞ্চলের সার্বিক উন্নয়নে হতাশা ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার হাওরে যেসব প্রকল্প হাতে নিয়েছে, তার ৫০ শতাংশ কাজও শেষ হয়নি। অথচ আর্থিক বছর চলে যাচ্ছে।স্পিকার মিঠামইন উপজেলার হাওরে চার কোটি ১৪ লাখ টাকার কাটখাল-বৈরাটি সড়ক, মিঠামইন বাজার থেকে তাঁর বাড়ি পর্যন্ত সড়ক, কেওয়ারজোড়-ফুলপুর সড়ক ও চন্দ্রাপুর সেতু নির্মাণে অতি ধীর গতি বলে মন্তব্য করেন এবং এ ব্যাপারে জানতে চান।এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, চার কোটি ১৪ লাখ টাকার কাজটি ঠিকাদার এরই মধ্যে এক কোটি টাকা বিনিয়োগ করে ৪০ শতাংশ কাজ সমাপ্ত করেছেন। তাঁকে বিল বাবদ এ পর্যন্ত আট লাখ টাকা দেওয়া হয়েছে। অর্থছাড় না হওয়ায় হাওরের কাজে বিলম্ব হচ্ছে।সভায় জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, সিভিল সার্জন দীন মোহাম্মদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আনিছুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী গৌতম প্রসাদ চৌধুরী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দী প্রমুখ।