সংসদে পয়েন্ট অব অর্ডারের নামে ইচ্ছামতো আলোচনা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে পয়েন্ট অব অর্ডারের নামে সাংসদদের ইচ্ছামতো আলোচনার ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। আজ মঙ্গলবার মঈন উদ্দীন খান বাদল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্যের বিষয় সুনির্দিষ্ট করতে না পারায় ডেপুটি স্পিকার তাঁর মাইক বন্ধ করে দেন। ডেপুটি স্পিকার বলেন, সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ চলবে। তিনি বাদলকে ভবিষ্যতে প্রস্তুতি নিয়ে সংবিধান হাতে করে সংসদে আসার পরামর্শ দেন।এর আগে গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার বলেছেন, ‘এ পর্যন্ত আমি যতগুলো শুনেছি, তার কোনোটিই পয়েন্ট অব অর্ডার হয়নি।’সংসদের কার্যপ্রণালী বিধির ৩০১ ধারা অনুযায়ী সংসদ চলাকালে সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির কোনো ধারা লঙ্ঘিত হলে যেকোনো সদস্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। কিন্তু সাংসদেরা এই বিধি মেনে চলেন না। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তাঁরা ভিন্ন প্রসঙ্গে কথা বলেন। গত রোববার সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম এবং জাতীয় পার্টির মুজিবুল হক পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিধি-বহির্ভূতভাবে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সমালোচনা করেন। আজ সংসদের প্রশ্নোত্তর শেষে মঈন উদ্দীন খান বাদল উঠে দাঁড়ালে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘আপনার চিরকুট আমি পেয়েছি। আপনি লিখেছেন জরুরি। কিন্তু কোন বিধিতে কথা বলতে চান, তা উল্লেখ করেননি। পয়েন্ট অব অর্ডারে আপনাকে কথা বলতে হলে ৩০১ বিধিতে কথা বলতে হবে। বলতে হবে কার্যপ্রণালী বিধির কোন বিধি লঙ্ঘিত হয়েছে, সংবিধানের কোনো অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে। সেটা কি হাউসে হয়েছে। আমরা একমত হয়েছি যে কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ চলবে। আমি ফ্লোর দেওয়ার পর আপনাকে সংবিধান এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী পয়েন্টে অব অর্ডারে কথা বলতে হবে। নইলে আমি আপনার মাইক বন্ধ করে দেব।’ এরপর মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘৩০১ বিধিতে (পয়েন্ট অব অর্ডার) কথা বলতে চাই। সাংসদদের বিশেষ অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। সংবিধান লঙ্ঘিত হয়েছে।’ ডেপুটি স্পিকার বলেন, ‘এটা কি সংসদে হয়েছে?’ জবাবে বাদল বলেন, ‘হ্যাঁ, সংসদে হয়েছে।’ডেপুটি স্পিকার বলেন, ‘আপনি বলেন, সংবিধানের কোন বিধান লঙ্ঘন হয়েছে?’জবাবে বাদল বলেন, ‘সংবিধানের বিধান লঙ্ঘন হয়েছে। তবে কোন ধারা, সেটা আমি এ মুহূর্তে বলতে পারছি না। কারণ, আমার কাছে সংবিধান নেই।’ এরপর ডেপুটি স্পিকার বলেন, ‘ভবিষ্যতে আপনি প্রস্তুত হয়ে আসবেন। সংবিধান নিয়ে আসবেন। আপনাকে মাইক দেওয়া হবে।’ এরপর তিনি বাদলের মাইক বন্ধ করে দেন। নামাজের বিরতির পর বাদল আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করলে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনাকে ফ্লোর দিয়েছি। কিন্তু আপনি বলতে পারেননি। আপনাকে আরেক দিন দেব।’