জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে রাজি করানোর চেষ্টা করছেন দলটির কয়েকজন সাংসদ। তবে না যাওয়ার পক্ষেও আছেন বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতা ও সাংসদদের একাংশ।আজ সংসদ অধিবেশন শুরুর দিন বিএনপি যাচ্ছে না, এটা প্রায় নিশ্চিত। সংসদে ফেরা না-ফেরার বিষয়ে কাল মঙ্গলবার দলটির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির মহাসচিবের এ ঘোষণার পর এতে কিছুটা দমে গেছেন সংসদে যাওয়ার পক্ষের নেতারা। সংশ্লিষ্ট একাধিক নেতা জানান, খালেদা জিয়া ছাড়া স্থায়ী কমিটির বাকি ১৮ সদস্যের মধ্যে সাংসদ আছেন মাত্র চারজন। সাংসদ নন, স্থায়ী কমিটির এমন সদস্যদের বেশির ভাগই সংসদে যাওয়ার পক্ষে নন। আর খালেদা জিয়াও সংসদে যাওয়ার ব্যাপারে বরাবর উদাসীন। ফলে স্থায়ী কমিটি সংসদে না যাওয়ার পক্ষে মত দিতে পারে বলে আশঙ্কা অনেক নেতার। বিএনপির প্রভাবশালী নেতা এম কে আনোয়ার মনে করেন, সংসদে গিয়ে রাজনৈতিকভাবে বিএনপির কোনো লাভ হবে না। তিনি বলেন, ‘এটা বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত হতে হবে। তবে আমি মনে করি, সরকার বিরোধী দলের জন্য এখনো পরিবেশ তৈরি করতে পারেনি।’ তবে স্থায়ী কমিটির বৈঠকের আগেই খালেদা জিয়াকে রাজি করাতে এ নিয়ে আলাদাভাবে কথা বলেছেন অধিবেশনে যেতে ইচ্ছুক কয়েকজন সাংসদ। সংসদে যাওয়ার পক্ষে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও সালাউদ্দিন কাদের চৌধুরী। দলীয় সূত্র জানায়, সংসদে ফেরার ব্যাপারে রাজি করাতে সালাউদ্দিন কাদের চৌধুরী খালেদা জিয়ার সঙ্গে কয়েকবার কথা বলেছেন। মওদুদ আহমদও এ ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন খালেদা জিয়ার কাছে। সালাউদ্দিন কাদের প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি, বিএনপির সংসদে যাওয়া উচিত। এ জন্য ম্যাডামকে (খালেদা জিয়া) বলেছি। তাঁকে আরও বোঝানোর জন্য আলাদাভাবে আলোচনা করব।’সংসদে যোগ দেওয়ার পক্ষে থাকা নেতারা চান এক দিনের জন্য হলেও চলতি অধিবেশনে যোগ দিয়ে বিএনপি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব উত্থাপন ও দাবি তুলে ধরুক। পাশাপাশি সরকারের ব্যর্থতা, খুনি আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা, খুনের ঘটনায় সন্দেহভাজন সাংসদ নুরুন্নবীর পক্ষে পুলিশের সাফাইসহ বিভিন্ন বিষয়ে বিএনপির নেতারা বক্তব্য দিক।বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতা জানিয়েছেন, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সংসদে যাওয়ার জন্য যেসব শর্তের কথা বলেছেন, সেগুলো সরকারের মানা না-মানার ওপর দলটির সংসদে যাওয়া নির্ভর করবে না। এটা মূলত খালেদা জিয়ার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ওই নেতারা জানান, জয়নাল আবদিনের শর্তারোপের বিষয়টি দলের শীর্ষ পর্যায় থেকে আসেনি। কিছু তরুণ সাংসদের মাথা থেকে এসেছে। বিএনপির দিকে তাকিয়ে জামায়াত ও বিজেপি: বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিনজন সাংসদও বিরোধী দলে আছেন। তাঁরা তাকিয়ে আছেন বিএনপির দিকে। বিএনপি গেলে তাঁরাও সংসদে যাবেন। তবে বিএনপির আচরণে দ্বিধার মধ্যে আছেন তাঁরা।জামায়াতের সাংসদ শামসুল ইসলাম বলেন, ‘বিএনপির পক্ষ থেকে যেসব দাবি তোলা হয়েছে, ওগুলোই আমাদের দাবি। সংসদেও আমরা আলাদাভাবে কথা বলি না।’বিজেপির চেয়ারম্যান ও সাংসদ আন্দালিব রহমান প্রথম আলোকে বলেন, ‘কী হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি না। আমি বিভ্রান্ত। আমরা যাচ্ছি কি যাচ্ছি না, আমাকে কিছুই জানানো হয়নি। শুক্রবার টেলিভিশনে ফারুক চাচাকে (বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক) দেখলাম এ বিষয়ে কথা বলছেন। কিন্তু তাঁর কথা শুনে বুঝলাম না আমরা যাচ্ছি কি যাচ্ছি না।’