সংসদে ফিরতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে যোগ দেওয়ার উপায় খুঁজছে বিএনপি। কারণ এই অধিবেশন ৩৭ কার্যদিবস চললে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ বিরোধী দলের কয়েকজনে সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে।কাল ২৫ জানুয়ারি শুরু হচ্ছে এই সংসদের দ্বাদশ অধিবেশন। নতুন বছরের প্রথম অধিবেশন সাধারণত দীর্ঘ সময় ধরে চলে। এই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন।সংসদে যোগ দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সংসদে যাওয়া না-যাওয়ার বিষয়টি সংসদীয় দল নির্ধারণ করবে।বিএনপির নেতারা জানান, সদস্যপদ রক্ষায় তাঁরা এই অধিবেশনে যোগ দিতে চান।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়টি সংসদে উত্থাপনের জন্য তাঁরা সংসদে যোগ দেওয়ার কথা ভাবছেন। এরই মধ্যে রাষ্ট্রপতির সংলাপে এই দাবি তাঁরা তুলেছেন। সংসদে তুললে বিএনপির এই দাবির বিষয়টি আরও যৌক্তিক হবে। যাঁরা বলছেন, বিএনপি যথাস্থানে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছে না, তাঁদের মুখও বন্ধ হবে। আবার সদস্যপদও রক্ষা করা হবে। ওই সাংসদ বলেন, বিএনপি অনেক দিন অধিবেশনে যাচ্ছে না। এ জন্য একটি যৌক্তিক বিষয়ের ওপর আলোচনার জন্য সংসদে যাওয়ার কথা ভাবছে দলটি।সংসদ সূত্রে জানা গেছে, এ অধিবেশন দুই মাস চলার সম্ভাবনা আছে। প্রতিটি কার্যদিবসে সংসদ চললে বিএনপিকে যোগ দিতেই হবে। তা না হলে খালেদা জিয়াসহ অনেক সদস্যের সদস্যপদ থাকবে না। বিএনপি সর্বশেষ গত বছরের ২৪ মার্চ সংসদে উপস্থিত হয়েছিল।এরই মধ্যে বিরোধীদলীয় নেতার টানা অনুপস্থিতি ৫৩ দিন পার হয়েছে। ফলে এবারের অধিবেশন ৩৭ কার্যদিবস চললে তাঁর অনুপস্থিতি হবে ৯০ দিন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের অনুমতি ছাড়া কোনো সদস্য টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ শূন্য হয়ে যাবে।