সংসদে ফিরতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে যোগ দেওয়ার উপায় খুঁজছে বিএনপি। কারণ এই অধিবেশন ৩৭ কার্যদিবস চললে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ বিরোধী দলের কয়েকজন সদস্যের সদস্যপদ বাতিল হয়ে যাবে।কাল ২৫ জানুয়ারি শুরু হচ্ছে এই সংসদের দ্বাদশ অধিবেশন। নতুন বছরের প্রথম অধিবেশন সাধারণত লম্বা সময় ধরে চলে। এই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন।সংসদে যোগ দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সংসদে যাওয়া না-যাওয়ার বিষয়টি সংসদীয় দল নির্ধারণ করবে।বিএনপির একজন জ্যেষ্ঠ সাংসদ প্রথম আলোকে বলেন, খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার পর ২০১০ সালের ডিসেম্বরে দলীয় সাংসদদের পদত্যাগপত্র জমা নেওয়া শুরু হয়। কিন্তু দলটি পদত্যাগ করার কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে সংসদে না ফেরার আগের সিদ্ধান্ত এখনো বলবৎ আছে। তাই দুইয়ের মাঝামাঝি থেকে সদস্যপদ রক্ষার জন্য এই অধিবেশনে যোগ দিতে হবে। বিএনপির নেতারা জানান, সদস্যপদ রক্ষায় তাঁরা এই অধিবেশনে যোগ দিতে চান।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়টি সংসদে উত্থাপনের জন্য তাঁরা সংসদে যোগ দেওয়ার কথা ভাবছেন। ইতিমধ্যে রাষ্ট্রপতির সংলাপে এই দাবি তাঁরা তুলেছেন। সংসদে তুললে পরে বিএনপির এই দাবির বিষয়টি আরও যৌক্তিক হবে। যাঁরা বলছেন, বিএনপি যথাস্থানে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছে না, তাঁদের মুখও বন্ধ হবে। আবার সদস্যপদও রক্ষা হবে। ওই সাংসদ বলেন, বিএনপি অনেক দিন অধিবেশনে যাচ্ছে না। এ জন্য একটি যৌক্তিক বিষয়ের ওপর আলোচনার জন্য সংসদে যাওয়ার কথা ভাবছে দলটি। সংসদ সূত্রে জানা গেছে, এ অধিবেশন দুই মাস চলার সম্ভাবনা আছে। প্রতিটি কার্যদিবসে সংসদ চললে বিএনপিকে যোগ দিতেই হবে। তা না হলে খালেদা জিয়াসহ অনেক সদস্যের সদস্যপদ থাকবে না। বিএনপি সর্বশেষ গত বছরের ২৪ মার্চ সংসদে উপস্থিত ছিল। ইতিমধ্যে বিরোধীদলীয় নেতার টানা অনুপস্থিতি ৫৩ দিন পার হয়েছে। ফলে এবারের অধিবেশন ৩৭ কার্যদিবস চললে তাঁর অনুপস্থিতি হবে ৯০ দিন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুসারে স্পিকারের অনুমতি ছাড়া কোনো সদস্য টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ শূন্য হবে।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জানান, সংসদের এই অধিবেশনে যাওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপি সংসদ থেকে পদত্যাগ করেনি। সংসদে যাবে না, এমন কথাও বলেনি।