সংসদে ফিরতে বিএনপির এবার ১০ দফা দাবি
বিরোধী দল ছাড়াই জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন আজ সোমবার বিকেলে শুরু হয়েছে। অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে এক সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে, ১০ দফা দাবি মানলে তাঁরা সংসদে ফিরে আসবেন। তবে এ ১০ দফার মধ্যে অধিবেশন কক্ষের প্রথম সারির আসন বাড়ানোর কথা নেই। অথচ আসন বাড়ানোর দাবিতেই বিরোধী দল প্রথম সংসদ বর্জন শুরু করেছিল।অধিবেশন শুরুর আগে আজ জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সংসদে ফেরার শর্ত তুলে ধরে বিএনপি। ১০ দফা দাবিগুলো হলো: খালেদা জিয়ার বাড়ির ইজারা বাতিলের চিঠি প্রত্যাহার করতে হবে। খালেদা জিয়ার প্রাপ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা আছে, তা প্রত্যাহার করতে হবে। বিরোধী দলের সংসদ সদস্যদের দেওয়া মুলতবি প্রস্তাব গ্রহণ করে আলোচনার সুযোগ দিতে হবে। এশিয়ান হাইওয়ের নামে করিডর দেওয়া বন্ধ করতে হবে। টিপাইমুখ বাঁধ, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টেন্ডারবাজি, দখল, সরকারি দলের নিপীড়ন-নির্যাতন নিয়ে সংসদে আলোচনা করতে হবে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্থায়ী কমিটির আরও দুটি সভাপতির পদ দিতে হবে এবং বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত আওয়ামী মহিলা সংসদ সদস্যদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। ব্রিফিংয়ে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন বলেন, বিএনপির ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে সরকারি দল সংসদে যাওয়ার পরিবেশ সৃষ্টি করলে তাঁরা সংসদে ফিরতে প্রস্তুত আছেন। তিনি বলেন, সংসদে ফেরার পরিবেশ দিন দিন নষ্ট করছে আওয়ামী লীগ। বিরোধী দলের নেতাকে অমর্যাদা করে সংসদকে সচল বা মযার্দাবান করা যায় না।