সংসদে ফিরতে স্পিকারের আহ্বান প্রত্যাখ্যান বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলকে সংসদে ফিরতে জাতীয় সংসদের স্পিকারের আহ্বান প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক গতকাল সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। জয়নাল আবদিন ফারুক বলেন, ‘স্পিকার আবদুল হামিদ নিজেকে নিরপেক্ষ দাবি করে আমাদের সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন। কিন্তু আমরা তাঁর এই আহ্বান প্রত্যাখ্যান করছি। কারণ তিনি নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেননি।’বিরোধী দলের চিফ হুইপ অভিযোগ করে বলেন, জাতীয় সংসদের গত ছয়টি অধিবেশনে টিপাইমুখ বাঁধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব দিয়েছিল বিরোধী দল। কিন্তু সেগুলো নিয়ে সংসদে আলোচনার সুযোগ পাননি তাঁরা। তাই স্পিকারের ভূমিকা বিরোধী দলের কাছে প্রশ্নবিদ্ধ।আগামী অধিবেশনে যোগ না দেওয়ার ঘোষণা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সংসদে ফিরে যাওয়ার পরিবেশ নেই। তাই আগামী ৫ ডিসেম্বর সংসদের যে অধিবেশন শুরু হবে, তাতে বিএনপি যোগ দেবে না। তিনি বলেন, ‘বাড়ি রক্ষা নয়, জনগণের কথা বলতে না দেওয়ায় সংসদ বর্জন করেছি। বর্তমান সরকার বিরোধীদলীয় নেত্রীকে বাড়িছাড়া করেই ক্ষান্ত হয়নি, তারা এখন সারা দেশে বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীর ওপর জুলুম-নির্যাতন শুরু করেছে। সংসদে গেলেও বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না। তাই অকার্যকর ওই সংসদে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।’সংবাদ সম্মেলনে বিএনপির সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজান, শহীদ উদ্দিন চৌধুরী, রেহানা আখতার, শাম্মী আখতার, মেজবাহউদ্দিন, নীলুফার ইয়াসমীন উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানান।