সংসদে ফিরে মধ্যবর্তী নির্বাচনের দাবি খালেদার
টানা প্রায় ১০ মাস পর সংসদে ফিরে সরকারকে সব ক্ষেত্রে ব্যর্থ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।আজ মঙ্গলবার বিকেল পাঁচটার কয়েক মিনিট পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এরও কয়েক মিনিট পর অধিবেশনে ফিরে দীর্ঘ বক্তৃতা করেন খালেদা জিয়া।শেয়ারবাজারে কি ডিজিটাল কারচুপি হয়েছে, উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যখনই ক্ষমতায় আসেন, তখনই কেন শেয়ারবাজারে এত ধস নামে? কেন এত লুটপাট হয়? আর সরকার কেনই বা নিশ্চুপ থাকে? অতএব বুঝতে হবে “ডাল মে কুছ কালা হ্যায়”। নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা রয়েছে।’খালেদা জিয়া বলেন, শেয়ারবাজারের ধসে এরই মধ্যে ৩৩ লাখ বিনিয়োগকারী সর্বস্বান্ত হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এ ঘটনার জন্য গঠিত তদন্ত কমিটিকে লোক দেখানো কমিটি বলে মন্তব্য করেন তিনি।দেশ এখন কোন সংবিধানে চলছে? এমন প্রশ্ন তুলে খালেদা জিয়া বলেন, ‘বিরোধীদলীয় নেতা হিসেবেও আমি সংবিধানের কোনো কপি পাইনি। আগে ছিল একদলীয় শাসন আর এখন চলছে এক ব্যক্তির শাসন। এ অবস্থায় দেশ চলতে পারে না। এ সরকার আদালতের কাঁধে বন্দুক রেখেই স্বার্থ সিদ্ধি করতে চায়। সেই আদালতই বলেছে এ সংসদ সার্বভৌম নয়। এ কারণেই আমরা বলেছি, এ সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচন দিন।’দেশে ১৯৭২-৭৫-এর অবস্থা বিরাজ করছে উল্লেখ করে খালেদা বলেন, বর্তমানে সবার জন্য আইন এক নয়। সরকারি দলের জন্য একধরনের আইন, অন্য সবার জন্য আরেক ধরনের আইন। সরকারদলীয় লোকদের অপকর্মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরকারদলীয় খুনের আসামিও জামিন পেয়ে যাচ্ছে; আর বিরোধী দলের নেতাদের সামান্য মামলায়ও জামিন দেওয়া হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষ নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। তখন দেশে এক অরাজক অবস্থা তৈরি হবে।নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘দেশে সম্মানিত ব্যক্তিরা সম্মান পাচ্ছে না। কোনো সম্মানিত ব্যক্তি ভালো কাজ করলে তার পেছনে লেগে যাওয়া হয়। ইউনূসকে কেন অসম্মান করা হয়েছে, তা অবশ্য আপনাদের অ্যাটর্নি জেনারেল ফাঁস করে দিয়েছে। তিনি একজন সন্ত্রাসী ও খুনি সন্তু লারমার সঙ্গে প্রধানমন্ত্রীর শান্তিতে নোবেল পাওয়া উচিত বলে দাবি করেছেন। আমি এর প্রতিবাদ করছি। এখনো সময় আছে, আসুন দেশের কল্যাণে কাজ করি। গুণীজনকে সম্মান দেই।’খালেদা জিয়া আরও বলেন, ‘প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই। কিন্তু এখানে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তা আন্তর্জাতিকমানের নয়। এটা দিয়ে বিচার সম্ভব নয়।’ সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের দলের এবং আত্মীয়স্বজনের মধ্যেও অনেকে আছে তাদেরকে ধরেন।’