সংসদে ফিরে ২৫ মিনিট পরই বিএনপির আবার ওয়াকআউট
সংসদে যোগ দিয়ে আবারও ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ নিয়ে সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্যের প্রতিবাদে বিএনপি গতকাল রোববার সংসদে ফিরেই ওয়াকআউট করে।এর আগে পয়েন্ট অব অর্ডারে গত বৃহস্পতিবার জিয়াউর রহমানকে নিয়ে শেখ ফজলুল করিমের দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।দুই দিন বিরতির পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বেলা সোয়া তিনটায় শুরুতেই সংসদে যোগ দেন বিরোধী দল বিএনপি ও জামায়াতের সদস্যরা। তবে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এ সময় অনুপস্থিত ছিলেন।সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ প্রসঙ্গে সংসদের শুরুতেই অধিবেশনকক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়িয়ে, চিত্কার করে, ফাইল ছুড়ে সংসদকক্ষে হইচই শুরু করেন। একপর্যায়ে মওদুদ আহমদের নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করে। পরে এক সংবাদ সম্মেলনে বিরোধী দল শেখ সেলিমের বক্তব্যের নিন্দা এবং স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।অধিবেশন শুরুর পর বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ নিয়ে শেখ সেলিমের বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানিয়ে বলেন, ‘তিনি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। কুরুচিপূর্ণ ভাষায় স্বাধীনতার ঘোষক জিয়াকে আক্রমণ করেছেন।’শেখ সেলিম ওই বক্তব্যের জবাব দিয়ে বলেন, ‘জিয়াউর রহমানকে কটূক্তি করতে কিছু বলিনি, সত্য বলেছি। বলেছি, কবর দেওয়ার আগে জিয়ার লাশ কেউ দেখেনি। একটি বাক্স এনে এখানে কবর দেওয়া হয়েছে; কিন্তু তা নিয়ে কেউ কথা বলেনি।’ তিনি বলেন, এখনো এর প্রমাণ হতে পারে।গত বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দল ১০ মাস পর সংসদে ফিরেই ওয়াকআউট করেছিল। এরপর গতকাল তারা আবার সংসদে ফিরে আসে।গতকাল অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে ২৫ মিনিট ধরে এক অনির্ধারিত বিতর্কের সূত্রপাত হয়। এ সময় পর্যায়ক্রমে সরকারি দলের সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম, তোফায়েল আহমেদ, বিএনপির জমিরউদ্দিন সরকার, জাসদের মইনুদ্দিন খান বাদল বক্তব্য দেন।সুরঞ্জিত সেনগুপ্ত জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে প্রশ্ন তুলে বলেন, ‘বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি এ বি এম খায়রুল হকের রায়ের পর স্বাধীনতার ঘোষক জিয়া—এটা অবৈধ। সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।’এরপর জমিরউদ্দিন সরকার হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে বিষয়টি নিষ্পত্তির কথা জানিয়ে বলেন, ‘চূড়ান্ত নিষ্পত্তির আগে এ নিয়ে বক্তব্য রাখা অবৈধ। এভাবে সুরঞ্জিত সেনগুপ্ত বক্তব্য উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করছেন।’পরে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘আপনারা একমত হলে পরে এ বিষয়ে আলোচনা করতে আমার আপত্তি নেই।’ এর পরপরই শেখ সেলিমকে ফ্লোর দেন স্পিকার। তিনি জিয়াউর রহমানের মরদেহের বিষয়টি তুললে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ এবং বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে বেরিয়ে যান।স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন: পরে বিরোধী দল সংবাদ সম্মেলন করে শেখ সেলিমের বক্তব্যের প্রতিবাদ করেন এবং স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন এ প্রশ্ন তোলেন। তিনি অধিবেশন থেকে কেন এবং কী পরিস্থিতিতে বিরোধী দল ওয়াকআউট করেছে, তা ব্যাখ্যা করেন।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমাদের নেতা সম্পর্কে আজও কটাক্ষ করে সরকারি দল থেকে বক্তব্য রাখা হয়েছে। স্পিকার এর আগের সংসদে দেওয়া এ ধরনের বক্তব্যগুলো কার্যবিবরণী থেকে বাদ দেননি। তাই স্পিকারের নিরপেক্ষতা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি।’বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, সংসদে গতকাল তাঁরা আর ফিরে যাচ্ছেন না। সারা দেশে চিরুনি অভিযানের নামে বিরোধী দলের নেতা-কর্মীদের দমন করতে হামলা-মামলা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ জানান, বিরোধী দলের পক্ষ থেকে ৬৯টি মুলতবি প্রস্তাব আলোচনার জন্য দেওয়া হয়েছিল। ওই সব মুলতবি প্রস্তাব স্পিকার বাতিল করে দিয়েছেন।সংবাদ ব্রিফিংয়ে বিএনপির সাংসদ মাহবুবউদ্দিন, নজরুল ইসলাম, জামায়াতের হামিদুর রহমানসহ বিএনপির সাংসদেরা উপস্থিত ছিলেন।