সংসদে ফেরার ব্যাপারে বিএনপির সিদ্ধান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়া না-দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি। এ ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।গতকাল মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। বৈঠক বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত মুলতবি করা হয়েছে বলে জানান তিনি।তবে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য প্রথম আলোকে জানান, বৈঠকে বেশির ভাগ সদস্য সংসদে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।বিএনপির মহাসচিব বলেন, সংসদে যাওয়া না-যাওয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, বিরোধী দলকে সংসদে ফেরাতে সরকারের পক্ষ থেকে নতুন কোনো পরিস্থিতি তৈরি করা হয়নি। পরিবেশও ভালো করা হয়নি। তবে আগামীকাল বৃহস্পতিবারের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।বৈঠক সূত্রে আরও জানা গেছে, বৈঠকে কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে নভেম্বরে ২১টি জেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাংগঠনিক সফর এবং অক্টোবরে জেলা-উপজেলায় দলীয় সমাবেশের কর্মসূচি উল্লেখযোগ্য। বৈঠকে বিএনপির চেয়ারপারসন বলেছেন, মির্জা আব্বাস মুক্তি না পাওয়া পর্যন্ত দলের ঢাকা মহানগরের কমিটি গঠনের কাজ স্থগিত থাকবে। আর দুই নেত্রীকে এক টেবিলে বসানোর ব্যাপারে দলের সহসভাপতি নাজমুল হুদার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের ব্যাপারে বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। ভবিষ্যতে এমন বক্তব্য না দেওয়ার জন্য তাঁকে সতর্ক করে দেওয়ার সিদ্ধান্ত হয়।রাত পৌনে নয়টায় গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হয়, শেষ হয় রাত ১১টায়। বৈঠকে স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ১৫ জন উপস্থিত ছিলেন।