সংসদে ফেরার সিদ্ধান্ত, তবে দিন ঠিক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সাংসদেরা। তবে কবে নাগাদ তাঁরা সংসদে ফিরবেন, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংসদে ফেরার সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ৪০ জন সাংসদের মধ্যে ৩৬ জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বিএনপির ৩৩ জন, জামায়াতের দুজন ও বিজেপির একজন সাংসদ ছিলেন।বিএনপি টানা ৬১ কার্যদিবস সংসদে অনুপস্থিত রয়েছে। নবম সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন গত বছরের ৭ এপ্রিল তারা সর্বশেষ সংসদে যোগ দেয়। অধিবেশন কক্ষের সামনের সারিতে আসন বাড়ানোর দাবিতে তারা সংসদ বর্জন শুরু করে।গতকালের বৈঠকের মূল উদ্দেশ্য ছিল, কবে সংসদে ফিরবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, বিভিন্ন জাতীয় ইস্যুতে আলোচনার জন্য বিএনপিসহ চারদলীয় জোট সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কবে নাগাদ তারা সংসদে যাবে—সাংবাদিকেরা জানতে চাইলে চিফ হুইপ বলেন, ‘আমরা সংসদে যাব। যেদিন যাব সেদিন জাতি দেখবে।’ব্রিফিংয়ে চিফ হুইপ বলেন, প্রথম থেকেই সরকার বিএনপির সঙ্গে বিরূপ আচরণ করছে। প্রথম সারিতে আসনসংখ্যা কমিয়ে দিয়ে তারা অনুদার মনের পরিচয় দিয়েছে। বিএনপি ২৯ ডিসেম্বরের প্রশ্নবিদ্ধ নির্বাচনের পরও সংসদ কার্যকর করতে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। কিন্তু সরকার বিরোধী দলবিহীন সংসদ ও গণতন্ত্র চায়।বৈঠকে উপস্থিত কয়েকজন সাংসদ প্রথম আলোকে জানান, চলতি অধিবেশনের পরবর্তী যেকোনো কার্যদিবসে বিএনপি ও অন্যান্য শরিক দল সংসদে যোগ দেবে। পরবর্তী কার্যদিবসের আগে সাংসদদের ঢাকায় থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। একজন সাংসদ বলেন, রোববার সংসদে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে পরে সংসদের কার্যসূচিতে দেখা গেছে, ওই দিন সংসদ মুলতবি থাকবে। তাই নতুন করে দিন ধার্য করা হয়নি।অধিবেশনে যোগ দিয়ে যেসব বিষয়ে কথা বলা হবে: বৈঠক সূত্র জানায়, অধিবেশনে যোগ দিয়ে কয়েকটি সুস্পষ্ট বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীদলীয় সাংসদেরা। রাষ্ট্রপতি ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে ফ্লোর নিয়ে এসব বিষয়ে বক্তব্য দেবেন তাঁরা। বৈঠকে সাংসদদের এই বিষয়গুলোর মধ্য থেকে বক্তব্য প্রদানেরও পরামর্শ দেওয়া হয়েছে।সূত্র জানায়, খালেদা জিয়ার নিরাপত্তা; বাড়ির বরাদ্দ বাতিল; ব্যক্তিগত কর্মকর্তাদের বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া; খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার; সারা দেশে চারদলীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার; কারা ও পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা; টিপাইমুখ বাঁধ; ভারতকে করিডর দেওয়া; ভারতের সঙ্গে সম্প্রতি করা অসম চুক্তি; বিরোধীদলীয় সাংসদের নির্বাচনী এলাকার দায়িত্ব সরকারদলীয় নারী সাংসদদের দেওয়া; শিক্ষাপ্রতিষ্ঠানে খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি; ৫৯টি মুলতবি প্রস্তাব বিবেচনায় না আনাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেবেন সাংসদেরা।