বিরোধী দলকে ‘নিন্দুক বন্ধু’ বলে অভিহিত করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেছেন, ‘বিরোধী দল আমাদের সরকারের নিন্দুক বন্ধু। তাঁরা সংসদের বাইরে সমালোচনা করছেন। আমি আহ্বান জানাব, বাইরে নয়, সংসদে এসে বাজেটের সমালোচনা করুন।’জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর শুরু হওয়া আলোচনায় অংশ নিয়ে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় মন্ত্রী ছিলেন প্রথম বক্তা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন। তবে বিরোধী দল অনুপস্থিত ছিল।যোগাযোগমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দল গোয়েবলসিয় রাজনীতি করছে। বিএনপির রাজনীতি উন্নয়নবিরোধী, জনবিরোধী, সন্ত্রাস আর যুদ্ধাপরাধীদের রক্ষার রাজনীতি। তিনি জানান, পদ্মা সেতুর কাজ এ বছরই শুরু হবে। প্রস্তাবিত বাজেটে পদ্মা সেতু প্রকল্প খাতে এক হাজার ২৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।মন্ত্রী বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সড়ক অবকাঠামোর উন্নয়নে বর্তমান সরকারের অনেক পদক্ষেপ রয়েছে। বিএনপি-জামায়াত ও তত্ত্বাবধায়ক সরকার রেলপথকে অবহেলা করেছে, কোনো উন্নয়ন করেনি। কিন্তু বর্তমান সরকার রেলপথকে গুরুত্ব দিচ্ছে।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রস্তাবিত বাজেটকে গরিব ও পরিবেশবান্ধব বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রস্তাবিত বাজেটে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি ২০০৯-১০ অর্থবছরের বাজেটে আয় ও ব্যয়ের পার্থক্য কমে আসায় অর্থমন্ত্রীর প্রশংসা করেন।প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিদ্যুতের ঘাটতি নয়, উদ্বৃত্তে পরিণত করার যে পরিকল্পনা করেছে, তার প্রতিবিম্ব এই বাজেটে রয়েছে।শাহ জিকরুল আহমেদ ফুটপাতের ব্যবসায়ীদের ওপর কর ধার্য করার তথ্য তুলে ধরে বলেন, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সামনের ফুটপাতের ঠিকানায় এদের নামে কর ধার্য করে পাঠানো হয়েছে। যদি কর নিতেই হয়, তবে বাসার ঠিকানায় পাঠাতে হবে।নারায়ণ চন্দ্র চন্দ কৃষিপণ্য সংরক্ষণে ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানান। তিনি সংসদকে জানান, তাঁর এলাকায় কৃষকেরা টমেটো জমি থেকে তুলতে পারেননি, কারণ খরচ ওঠেনি। তিনি শিক্ষকদের বেতনকাঠামো পরিবর্তন করে যুগোপযোগী করার আহ্বান জানান। বাজেট আলোচনায় আরও অংশ নেন কামাল আহমেদ মজুমদার ও মোছলেম উদ্দিন।সংসদের অধিবেশন আজ বুধবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।