সংসদে বিরোধী দলের ৭৬টি মুলতবি প্রস্তাব নাকচ
জাতীয় সংসদের চলতি অধিবেশনে মুলতবি প্রস্তাবের ওপর ৭৬টি নোটিশ জমা পড়ে। তবে নোটিশ প্রদানকারী সাংসদদের অনুপস্থিতিতে এগুলো আলোচনায় ওঠেনি।স্পিকার আবদুল হামিদ আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনের শুরু দিকে সংসদের কার্যপ্রণালীর ৬২ বিধির আওতায় এসব নোটিশের নিষ্পত্তি করেন।সংসদে বিরোধী দল বিএনপির সদস্যরা এসব প্রস্তাব এনেছিলেন। স্পিকার জানান, দেশের আইনশৃঙ্খলার অবনতি, বিদ্যুত্সংকট, ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বর্বরতা, গ্যাসসংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ারবাজার পরিস্থিতি, প্রশাসন ও ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা), সাংবাদিক দম্পতি হত্যা ও ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা বিষয়ে নোটিশগুলো এসেছিল। এগুলো নোটিশ আকারে সংসদে আনেন বিরোধী দল বিএনপির সাংসদ নিলুফার চৌধুরী, রেহানা আক্তার, মাহবুবউদ্দিন, আবুল খায়ের ভূঁইয়া, জাফরুল ইসলাম চৌধুরী ও নাজিমউদ্দিন আহমেদ।স্পিকার বলেন, ‘কিছু নোটিশের বিষয় অনুমাননির্ভর। আর কিছু নোটিশ কার্যপ্রণালীর অন্যান্য বিধিতে নিষ্পত্তিযোগ্য। নোটিশ প্রদানকারী সদস্যরা অনুপস্থিত রয়েছেন।’ সংসদে উপস্থিত না থাকায় মুলতবি প্রস্তাবগুলো গ্রহণ করা গেল না বলে জানান স্পিকার।স্পিকার আজ লঞ্চডুবিতে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু রোগমুক্তি কামনা করেন।