সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল পাস
জাতীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল ২০১০ পাস হয়েছে। আজ রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করেন। বিলটির ওপর বিরোধী দলের সদস্যরা জনমত যাচাই এবং সংশোধনী প্রস্তাব দিলেও তাঁরা অনুপস্থিত থাকায় তা উপস্থাপিত হয়নি। ফলে মাত্র ১০ মিনিটের মধ্যে বিলটি পাস হয়ে যায়।এই আইনটি পাস করার মাধ্যমে ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনটি রহিত করা হয়েছে।বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের উল্লেখযোগ্য বিধানগুলো হলো ঢাকা ও চট্টগ্রাম শহরে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হলে প্রতিষ্ঠানের নামে যেকোনো তফসিলি ব্যাংকে পাঁচ কোটি টাকা জমা রাখতে হবে। অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হলে তিন কোটি টাকা এবং দেশের অন্যান্য এলাকার জন্য দেড় কোটি টাকা তফসিলি ব্যাংকে রাখতে হবে।সরকারের অনুমোদনহীন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রোসপেকটাস (নির্দেশিকা), লিফলেট (প্রচারপত্র) প্রভৃতি প্রচার বা প্রকাশ করতে পারবে না। প্রচারমাধ্যমে কোনো বিজ্ঞাপন প্রচার বা প্রকাশ করতে পারবে না। সরকারের অনুমোদন ছাড়া কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে ক্যাম্পাস স্থাপন করতে পারবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া ভবন এবং তিনটি অনুষদ ও অনুষদের অনুকূলে ছয়টি বিভাগ থাকতে হবে।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন উত্থাপন করেন ব্যাটালিয়ন আনসার (সংশোাধন) বিল ২০১০। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ১৪ দিনের সময় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল ২০১০ পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু।সংসদের বৈঠক কাল সোমবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।