সংসদে যাওয়া নিয়ে আজও সিদ্ধান্ত নেয়নি বিএনপি
সংসদে যোগ দেওয়া না দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠকে দেশের বর্তমান রাজনীতি, চাঁদপুর উপনির্বাচন, চৌধুরি আলমের নিখোঁজ হওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এ সব বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় রাত ১১টার দিকে।সংসদে যাওয়া নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন বলে বৈঠকের একটি সূত্র প্রথম আলোকে জানায়। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে দলের চেয়ারপারসনকে। তিনি পরবর্তীতে এ সিদ্ধান্তের কথা জানাবেন। বৈঠকে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, এম শামছুল ইসলাম, মাহাবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, সালাউদ্দিন কাদের চৌধুরী, জমিরউদ্দিন সরকার, মঈন খান, আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।সরকারের বিভিন্ন কর্মকাণ্ডসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সামনের দিনগুলোতে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচি নির্ধারণ করতে গত মঙ্গলবার বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন। ওই বৈঠক আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।