সংসদে যাচ্ছে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আজ রোববার থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে যোগ দিচ্ছে না। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা জানান।জয়নুল আবদীন ফারুক বলেন, ‘আপনারা কীভাবে আশা করেন আমাদের সহকর্মীদের জেলে রেখে সংসদে যাব?’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ মানববন্ধনের আয়োজন করে।নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আজ বিকেল সাড়ে পাঁচটায় শুরু হচ্ছে। এই অধিবেশনে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পাস হবে। এই বাজেট অধিবেশনে প্রধান বিরোধী দল বিএনপির যোগ দেওয়া নিয়ে আগে থেকেই সংশয় ছিল। এর আগে টানা ৭৭ কার্যদিবস অনুপস্থিত থাকার পর বিএনপি ও তাদের শরিক দলের সাংসদেরা গত ১৮ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশনে যোগ দিয়েছিল। সরকারি দলের অভিযোগ, বিএনপি মূলত সদস্যপদ রক্ষায় ওই অধিবেশনে গিয়েছিল।