সংসদে যাব না, কখনোই বলিনি: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা সংসদ বর্জন করিনি। আমরা এখন অধিবেশনে যাওয়া থেকে বিরত আছি। আমরা সংসদে যতবার যতগুলো কল অ্যাটেনশন নোটিশ, মুলতবি প্রস্তাব দিয়েছি, আলোচনা করতে চেয়েছি, আমাদের সেগুলো আলোচনা করতে দেওয়া হয়নি। আমাদের যদি আলোচনা করতে দেওয়া হয়, অবশ্যই আমরা সংসদে যাব। আমরা সংসদে যাব না, এ কথা কিন্তু কখনোই বলিনি। আমরা সংসদে যেতে চাই, শুধু পরিবেশটা সৃষ্টির জন্য সরকারকে অনুরোধ করব।আজ বুধবার জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের নতুন কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা বলেন।রাষ্ট্রপতির সংলাপের উদ্দেশ্য নিয়ে ফখরুলের সংশয়: নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি কি নিজে এই সংলাপের উদ্যোগ নিয়েছেন, না সরকারের পরামর্শে? যদি সরকারের পরামর্শে হয়ে থাকে তাহলে কোন উদ্দেশ্যে এই সংলাপ, তা নিয়ে আমাদের সংশয় আছে।’সম্মিলিত পেশাজীবী পরিষদ ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালই রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।সংলাপ নিয়ে সংশয় প্রকাশ করলেও সে সংলাপে বিএনপি অংশ নেবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি সংলাপে যাবে। সেখানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি উত্থাপন করা হবে। তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। আমরা চাই না তাঁর কোন উদ্যোগ ব্যর্থ হোক।’মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ ‘গণতন্ত্রের খোলসে’ একদলীয় শাসনব্যবস্থা বাকশাল কায়েমের নীল-নকশা তৈরি করেছে। এ জন্য তারা বিচার বিভাগ ও সংসদের সংখ্যা গরিষ্ঠতাকে ব্যবহার করছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে সরকার গোটা জাতিকে অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।