সংসদে যেতে নতুন করে সিদ্ধান্ত নেবে বিএনপি: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেবে বিএনপি। সংসদ শুরু হওয়ার আগে কারারুদ্ধ বিএনপি নেতাদের মুক্তি দেওয়া হলে সংসদে যোগদানের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন তাঁরা।আজ শনিবার বেলা ১১টায় বিএনপির ৩৩ নেতার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সোনাইমুড়ি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা বলেন।মানববন্ধনে মওদুদ বলেন, জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিএনপির যোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা সংসদে যাবেন কি না, সে ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। সংসদীয় দলের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।মওদুদ অভিযোগ করে বলেন, বিএনপি সংসদকে কার্যকর করতে চায়, কিন্তু সরকার তা চায় না। সংসদে তাদের কথা বলতে দেওয়া হয় না। গত অধিবেশনে বিএনপির ২৫ জনকে কথা বলতে দেওয়া হয়নি। একটি মুলতবি প্রস্তাবও সংসদে গ্রহণ করা হয়নি।এর আগে আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, জামিনযোগ্য অপরাধ হওয়া সত্ত্বেও বিএনপি নেতাদের জামিন দেননি নিম্ন আদালত। আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতা নেই—এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘এর পরও আমরা উচ্চ আদালতে যাব। আশা করি, উচ্চ আদালতে তাঁদের জামিন দেওয়া হবে।’ তিনি বলেন, আইনি লড়াই চলবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে রাজপথে।