সংসদে যোগ দিতে জামিন চান সাকা চৌধুরী
জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী জামিনের আবেদন করেছেন। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। কাল এ ব্যাপারে আদেশ দেওয়া হবে।শুনানিতে আসামি পক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক ও ফখরুল ইসলাম বলেন, ২৭ মে থেকে জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশনে যোগদানের জন্য রাষ্ট্রপতি চিঠি দিয়েছেন। এ জন্য তিনি (সাকা) জামিন চান। যদি জামিন দেওয়া না হয়, সে ক্ষেত্রে সংসদ অধিবেশনে যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালকে অনুরোধ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম এর বিরোধিতা করে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির দলীয় সাংসদ। তাঁর দলই এ সংসদে যোগ দেয়নি। এ ছাড়া ট্রাইব্যুনাল অ্যাক্টে জামিন দেওয়ার কোনো বিধান নেই। এর জবাবে আহসানুল হক বলেন, বিএনপি সংসদে যোগ দান না করলেও সালাউদ্দিন কাদের সংসদে যোগ দেবেন। বেলা তিনটায় সালাউদ্দিন কাদেরের উপস্থিতিতে বিচারকাজ শুরু কয়ে সোয়া চারটায় শেষ হয়।