সংসদে যোগ দেবে বিএনপি: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেট অধিবেশনে বিএনপি যোগ দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে।সরকারের উদ্দেশে মওদুদ বলেন, ‘আগামী সংসদে আমরা অবশ্যই যাব। কিন্তু আমরা কত দিন থাকব—এটা নির্ভর করবে আপনাদের আচার-আচরণ ও ব্যবহারের ওপর। আপনারা যদি কথা বলতে দেন, যদি সুযোগ দেন, যদি সম্মানের সঙ্গে কথা বলেন, ব্যক্তিগত আক্রমণ না করেন, আমাদের নেতা-নেত্রীদের নামে বিষোদ্গার না করেন, তাহলে অবশ্যই এই সংসদে আমরা কত দিন থাকব, তা বিবেচনা করব।’সংসদকে অকার্যকর করে রাখা হয়েছে অভিযোগ করে মওদুদ বলেন, ‘চার বছর ধরে আপনারা এককভাবে সংসদ চালিয়েছেন, বাজেট ও সমস্ত আইন এককভাবে পাস করেছেন। এই সংসদের কার্যকারিতা বলতে কিছুই ছিল না।সুতরাং আজকে আমরা আপনাদের আহ্বানে সংসদে যাব না, আমরা আমাদের নিজেদের প্রয়োজনেই, দেশের মানুষের তাগিদেই সংসদে যাব।’সংসদ সচিবালয় সূত্র জানায়, গত ৩০ এপ্রিল সংসদের সপ্তদশ অধিবেশন শেষ হয়। তার আগ পর্যন্ত সংসদে বিরোধী দলের অনুপস্থিতি ছিল ৮৩ কার্যদিবস। টানা ৭৭ দিন অনুপস্থিতির পর বিরোধী দল সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশনে যোগ দিয়েছিল। ২০ মার্চ পর্যন্ত তারা সংসদে থাকে। সংবিধান অনুযায়ী টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সাংসদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। সদস্যপদ টিকিয়ে রাখতে হলে বিএনপির সাংসদদের এ অধিবেশনে যোগ দিতে হবে।