সংসদে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সংসদে চলতি অধিবেশনে যোগদানের কোনো সিদ্ধান্ত তাঁরা নেননি। আজ মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।বিএনপির মহাসচিব আরও জানিয়েছেন, সংসদে বিএনপির যোগদানের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তবে প্রাথমিকভাবে স্থায়ী কমিটির সদস্যরা মনে করছেন, সংসদে যোগদানের ব্যাপারে সরকার নতুন কোনো পরিস্থিতি বা পরিবেশ তৈরি করতে পারেনি। তাই এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। খোন্দকার দেলোয়ার আরও বলেন, আপাতত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আগামী বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিনের বৈঠকে এ ব্যাপারে দলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির মহাসচিব বলেন, আজকের বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে।প্রায় দুই মাস পর রাত পৌনে নয়টায় বিএনপির স্থায়ী কমিটির এ বৈঠক শুরু হয়ে রাত এগারোটার দিকে শেষ হয়।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে আজকের স্থায়ী কমিটির বৈঠকে স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ১৫ জন উপস্থিত ছিলেন।