সংসদে যোগাযোগমন্ত্রীর দুঃখ প্রকাশ
সড়ক-মহাসড়কের বেহাল দশায় মানুষের দুর্ভোগ সৃষ্টি হওয়ায় সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বেহাল দশার জন্য আবারও অর্থসংকট এবং অতি বৃষ্টিকেই দায়ী করেছেন তিনি।আজ মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ মুজিবুর হকের আনা এক নোটিশের জবাবে যোগাযোগমন্ত্রী এ দুঃখ প্রকাশ করেন।মন্ত্রী বলেন, পবিত্র ঈদ উদযাপনে মানুষের যাতায়াতের কোনো অসুবিধা হবে না। অর্থমন্ত্রী রাজি হলে সারা দেশের রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন ও সংস্কারে দাতা দেশগুলোর কাছ থেকে সাহায্য নেওয়া হবে।নোটিশে মুজিবুল হক বলেন, সারা বাংলাদেশে আজ সড়ক-মহাসড়কের বেহাল দশা। প্রায় ১০-১২ দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় প্রায় আটটি জেলার জনগণ অনেকটাই বন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করেছে। সারা দেশের মানুষ আতঙ্কিত ঈদ উত্সব পালনে তারা নিজ নিজ গ্রামের বাড়িতে যেতে পারবে কি না। ‘সরকারের এক মন্ত্রী বলেন কম খান, আরেক মন্ত্রী বলেন বাজারে একদিন কম যান। অবশ্য যোগাযোগমন্ত্রী এখনো বলেননি যে ঈদে বাড়িতে কম যান! এ জন্য তিনি অবশ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য।’জবাবে যোগাযোগমন্ত্রী জানান, অর্থসংকটের কারণে সড়ক-মহাসড়কগুলো ঠিকমতো সংস্কার ও উন্নয়ন করা সম্ভব হয়নি। তবে ১৭ আগস্ট অর্থ মন্ত্রণালয় থেকে রাস্তা সংস্কারে ৬৯০ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে।ঢাকা-জয়দেবপুর মহাসড়কে সংস্কারকাজের অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, যেভাবে কাজ হচ্ছে, তাতে সংস্কারে বেশি সময় লাগবে না।তবে সংস্কারকাজ অতিবৃষ্টির জন্য ব্যাহত হচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, গত এপ্রিল মাস থেকে সারা দেশে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, গত ১৫ বছরেও তা হয়নি। পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় অতিবৃষ্টির জন্য মহাসড়কে পুকুর সৃষ্টি এবং সেখানে ধান ও মাছচাষের উদাহরণ তুলে ধরেন তিনি।মন্ত্রী বলেন, ‘সড়ক-মহাসড়কের দুর্দশার জন্য মন্ত্রী হিসেবে আমি দুঃখিত। তবে আমার সীমাবদ্ধতার কথা সবাইকে বুঝতে হবে। ঈদের আগেই সব রাস্তার পরিপূর্ণ সংস্কার করতে না পারলেও যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’এ সময় সম্পূরক প্রশ্নে মুজিবুল হক সড়ক-মহাসড়কগুলো সংস্কারে প্রয়োজনে বিদেশ থেকে অর্থ সাহায্য আনতে মন্ত্রীর প্রতি আহ্বান জানান।মুজিবুল হক বলেন, ‘আমরা জানি, যোগাযোগমন্ত্রীর সঙ্গে বিদেশি দাতা সংস্থাগুলোর ভালো সম্পর্ক রয়েছে। তিনি বিদেশ থেকে অর্থ সাহায্য এনে পদ্মা সেতু, বড় বড় ব্রিজ-কালভার্ট এবং উড়াল সেতু ও এক্সপ্রেসওয়ে নির্মাণ করছেন। কিন্তু অর্থসংকট থাকায় সড়কগুলো মেরামতে বিদেশ থেকে অর্থ আনছেন না কেন?’এর জবাবে যোগাযোগ মন্ত্রী বলেন, ‘আমরা বড় বড় প্রকল্পগুলো বিদেশি সহযোগিতায় সম্পন্ন করছি। সারা দেশে সড়ক-মহাসড়কগুলো মেরামত করতে এ বছর প্রায় পাঁচ হাজার ১০০ কোটি টাকার প্রয়োজন হবে।’মন্ত্রী আরও বলেন, ‘অর্থমন্ত্রী যদি রাজি হন, তবে আমরা এ টাকা দাতা সংস্থার কাছ থেকে সংগ্রহ করতে পারব। আর এটা সম্ভব হলে আগামীতে দেশের কোনো রাস্তা আর নষ্ট হবে না।’