সংসদে শিশুদের জন্য গ্যালারি
জাতীয় সংসদে প্রথমবারের মতো শিশুদের জন্য একটি গ্যালারি উদ্বোধন করা হচ্ছে। কাল মঙ্গলবার সংসদের ১৪তম অধিবেশনের প্রথম দিনে এই গ্যালারি উদ্বোধন করবেন সংসদের স্পিকার আবদুল হামিদ। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, ছয় থেকে ১২ বছর বয়সী শিশুরা এই গ্যালারিতে বসে অধিবেশন দেখতে পারবে। গ্যালারিতে মোট ৫৫টি আসন রয়েছে। তবে প্রথম দিন পঞ্চম শ্রেণীর ৪৫ জন ছাত্রী এই গ্যালারিতে বসে অধিবেশন দেখবে। গ্যালারিটি সংসদের ষষ্ঠ তলায় প্রধান বিচারপতি ও বাংলাদেশ বেতারের বক্সের মাঝামাঝি স্থানে অবস্থিত।জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, অতীতে নিয়ম ছিল, ১২ বছরের কম বয়সীরা সংসদের অধিবেশন দেখতে পারবে না। কিন্তু সংসদ এখন মনে করে, গণতন্ত্রের বিকাশে এ ধরনের বাধা থাকা উচিত নয়। এখন থেকে চাইলে শিশুরা সংসদ অধিবেশন দেখতে পারবে। এ জন্য শব্দ প্রতিরোধক গ্যালারির ব্যবস্থা করা হয়েছে। শিশুরা হইচই করলেও তা ওই গ্যালারির বাইরে যাবে না। সংসদ পরিচালনার কাজেও কোনো সমস্যা হবে না।