সংসদে শেয়ারবাজার নিয়ে আলোচনার দাবি সাংসদদের
শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মহাজোটের সাংসদেরা। তাঁরা অন্য কাজ স্থগিত রেখে (৬২ বিধিতে) জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে সংসদে এক দিন আলোচনার সুযোগ রাখতে স্পিকারের প্রতি আহ্বান জানান।গতকাল সোমবার মহাজোটের সাংসদেরা যখন এ দাবি তোলেন তখন ডেপুটি স্পিকার শওকত আলী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। এর আগে বিএনপি একাধিক অধিবেশনে শেয়ারবাজার নিয়ে মুলতবি প্রস্তাব দিয়েছে। এখনো তাদের ওই সব প্রস্তাব স্পিকার গ্রহণ করেননি।গতকাল মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে আওয়ামী লীগদলীয় সাংসদ তোফায়েল আহমেদ পয়েন্ট অব অর্ডারে (অনির্ধারিত আলোচনা) দাঁড়িয়ে শেয়ারবাজারের সাম্প্রতিক অবস্থা তুলে ধরে আলোচনার সূত্রপাত করেন। এরপর মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাংসদ রাশেদ খান মেনন, জাতীয় সমাজতন্ত্রিক দলের (জাসদ) সাংসদ হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাংসদ খান টিপু সুলতান এবং স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম একই বিষয়ে আলোচনা করেন। তোফায়েল আহমেদ বলেন, এ সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে নানা সুযোগ দেওয়া হয়েছিল। এগুলো ঠিক না ভুল ছিল, তা নিয়ে এখন আলোচনার সময় এসেছে। কেননা, শেয়ারবাজারের এই ধসের কারণে ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামে দুজন আত্মহত্যা করেছেন। সরকার লোভনীয় প্রচারের মাধ্যমে দরিদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ারবাজারে এনেছে। সেনা, পুলিশ এমনকি শিক্ষকেরা পেনশনের সামান্য টাকা বিনিয়োগ করে এখন পুঁজি হারিয়েছেন। তোফায়েল আহমেদ বলেন, ব্যাংকগুলো আকস্মিক বাজার থেকে টাকা তুলে নিল। এখন আবার প্রতিষ্ঠানের পরিচালকদের ২ শতাংশ শেয়ার কেনার বিধান করা হয়েছে। পরিচালকেরা এখন সিন্ডিকেট করছেন। তাঁরা বাজার সবচেয়ে কমে নামিয়ে শেয়ার কিনবেন। প্রবীণ এই সাংসদ বলেন, খোন্দকার ইব্রাহিম একটি তদন্ত প্রতিবেদন দিয়েছেন। এই ধসের জন্য দায়ী ব্যক্তিদের এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সাজা দেওয়া হচ্ছে না। ক্ষুদ্র বিনিয়োগকারীদের আন্দোলন-সংগ্রাম পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে একদিন আমাদের জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে। অন্তত ভোটের দিন তো তাঁদের কাছে জবাবদিহি করতে হবে।’রাশেদ খান মেনন বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুলিশ দিয়ে তাড়া করে পুজিবাজার নিয়ন্ত্রণ করা যাবে না। টাইম ম্যাগাজিনে এই শেয়ারবাজারকে সবচেয়ে নিকৃষ্ট উল্লেখ করা হয়েছে। শেয়ারবাজারের এই অবস্থা অর্থনৈতিক খাতে দেউলিয়াত্ব প্রমাণ করে। রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী একটি সিদ্ধান্ত নিয়েছেন, পরিচালকদের ২ শতাংশ শেয়ার কিনতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত বানচালের চেষ্টা চলছে। পরিচালকেরা শেয়ার কিনলে প্রায় ১০ হাজার কোটি টাকা বাজারে বিনিয়োগ হতো। ইব্রাহিম খালেদের প্রতিবেদনের আলোকে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে রাশেদ খান মেনন বলেন, যারা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বানচালের ষড়যন্ত্র করবে, তাদের গ্রেপ্তার এবং যারা সরকারে আছে, তাদের বহিষ্কার করতে হবে।হাসানুল হক ইনু বলেন, শেয়ারবাজার ধ্বংস অর্থনীতির জন্য অশনিসংকেত। তিনি ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণের সুদ মওকুফ ও ফোর্স সেল বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। ফজলুল আজিম বলেন, শেয়ারবাজার ধস অর্থনীতি ধ্বংসের কারণ।