সংসদে সংবাদপত্র নিয়ে সমালোচনা ঠিক হয়নি: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদে সংবাদপত্র নিয়ে সাংসদদের কঠোর সমালোচনা ঠিক হয়নি। সংসদে সরকারি দলের ৩০৫ জন সাংসদ রয়েছেন। এর মধ্যে পাঁচ-সাতজন সাংসদ কয়েকটি সংবাদপত্রের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। এ জন্য পুরো দল বা সরকারকে দায়ী করলে চলবে না। আজ শনিবার সকালে কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।সরকারি দলের সাংসদের হাতে পাবনার প্রশাসন অচল হয়ে পড়া ও পরীক্ষাকেন্দ্রে হামলা প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা সরকারের জন্য লজ্জার ব্যাপার। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।ওবায়দুল কাদের আরও বলেন, ১-১১-এর পরে কিছু সাংবাদিক টেলিভিশনের টক শোতে দৃষ্টিকটু কথাবার্তা বলেছেন। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। বিরোধী দলের সংসদে না আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিবেশ নাই অভিযোগ তুলে বিরোধী দলের সাংসদেরা সংসদে যাচ্ছেন না। অথচ বেতন-ভাতা, বিদেশ সফর, শুল্কমুক্ত গাড়ি পেতে সে কথা তাদের মনে থাকে না।’উল্লেখ্য, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার চৌধুরী প্রমুখ।