রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ সরকারি-আধাসরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের বিধান করা বিষয়ে সংশ্লিষ্ট কমিটির প্রতিবেদন আজ বৃহস্পতিবার সংসদে উপস্থাপিত হয়েছে।প্রতিবেদনে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ সম্পর্কে কমিটির মতামত উপস্থাপন করা হয়। প্রস্তাবিত আইনে বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফী নোট অব ডিসেন্ট দেন। অন্য সদস্যরা বিলটিতে শুধু জাতির জনকের ছবি প্রদর্শন ও সংরক্ষণের বিধান করার পক্ষে মত দিয়ে পাস করার পক্ষে অভিমত দেন।বিলটি পাস হলে সংবিধানের এ-সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধন করা হবে। সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিক এটি সংসদে উত্থাপন করেছিলেন। বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, অবিসংবাদিত নেতা হিসেবে জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে হয়েছে। জাতি যাতে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করতে পারে, সে জন্য উল্লিখিত স্থানে তাঁর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করা প্রয়োজন।বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনের জন্য সংবিধানের অনুচ্ছেদ ৪ (ক) সংশোধন করতে হবে। ওই অনুচ্ছেদে বর্তমানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের বিধান রয়েছে।