সংসদে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি ও সরাসরি নির্বাচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি ও সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছেন নারীনেত্রী শাহিন আনাম। নবম জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে এ বিষয়ে আইন বা বিল পাস করার দাবি জানান তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত সমাবেশে মানুষের জন্য ফাউন্ডেশনের সভাপতি শাহিন আনাম এসব কথা বলেন। সমাবেশে সভাপতির বক্তব্যে শাহিন আনাম আরও বলেন, গত এক বছরে নারীর প্রতি সহিংসতার মাত্রা বেড়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিদিন কাগজে বা খবরে একজন হলেও নির্যাতিত নারী বা কন্যাশিশুর প্রসঙ্গ থাকে। পিতৃতান্ত্রিক মানসিকতার পরিবর্তন ছাড়া এসব কমবে না বলেও উল্লেখ করেন তিনি। সমাবেশে ঘোষণাপত্র পড়েন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের গণমাধ্যম ও যোগাযোগ কর্মকর্তা চির রঞ্জন সরকার। ঘোষণাপত্রে সরাসরি নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে এক-তৃতীয়াংশ নারীকে নির্বাচনের বিষয়ে জোর দেওয়া হয়। এ জন্যে সংবিধানের ৬৫-এর তিন অনুচ্ছেদের সংশোধনী আনার দাবি জানানো হয়। এ ক্ষেত্রে সরকারের দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগানোর পরামর্শও দেওয়া হয়েছে। এ ছাড়া রাজনৈতিক দলগুলোতে এক-তৃতীয়াংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়। বাংলাদেশ মহিলা পরিষদের রেখা চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অংশ নেন আইন ও সালিশ কেন্দ্র, স্টেপস টুয়ার্ডস, বাউশিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়। এর আগে নারী দিবসের স্লোগান লেখা বেলুন শহীদ মিনারের মূল বেদি থেকে ওড়ানো হয়।