সংসদে সক্রিয় অংশগ্রহণ বিরোধীদের দায়িত্ব: জিন ল্যামবার্ট
সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সরকার ও বিরোধী দল আলোচনা করবে। এ ধরনের বিষয়গুলোতে সরকারকে চ্যালেঞ্জ করা বিরোধী দলের দায়িত্ব। তাই বিরোধী দল বেশির ভাগ সময় সংসদে থাকবে, নিজেদের শুধু রাজপথেই ব্যস্ত রাখবে না। অন্যদিকে সরকার যত উদার ও সহনশীল হবে ততই বিকশিত হবে গণতন্ত্র।ইউরোপীয় পার্লামেন্টের সদস্য জিন ল্যামবার্ট আজ শনিবার বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন। ঢাকার বেজ গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা শরণার্থী, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিরোধী দলের ওপর সরকারের সাম্প্রতিক নির্যাতনের ব্যাপারে জানতে চাইলে জিন ল্যামবার্ট বলেন, ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি পর্যালোচনা আমাদের এবারের সফরের আলোচ্য বিষয় নয়। তবে আমার ব্যক্তিগত অভিমত জানতে চাইলে বলব, গণতন্ত্রের স্বার্থেই সহনশীল বিরোধী দল প্রয়োজন।’ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাজা দেবাশীষ রায় ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাপতি সন্তু লারমাসহ বেশ কয়েকজন আদিবাসী নেতার ওপর হামলার ব্যাপারে ল্যামবার্ট উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এতে এটা স্পষ্ট যে শান্তিচুক্তির বিরোধী শক্তিগুলো তত্পর আছে। এটা উদ্বেগের বিষয়। এ হামলার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’ ব্রিটেনের গ্রিন পার্টির সদস্য ল্যামবার্টের নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের এক প্রতিনিধিদল ১২ থেকে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করে। এ সময় পার্লামেন্টের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির এবং শান্তিচুক্তির বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে খোঁজখবর নিতে বান্দরবান ও রাঙামাটি সফর করেন।