সংসদে সবাই বোবা: ড. কামাল
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, দেশে বাক-স্বাধীনতা নেই। সংসদে ৩০০ লোক বসে আছেন। অথচ কেউ কথা বলেন না। সবাই বোবার মতো বসে থাকেন। এটি একটি বোবা সংসদ। চার মিনিটে চার শ বছরের ঢাকাকে দুই ভাগ করা হলো, সংবিধানের ধর্মনিরপেক্ষতার সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলাম বসিয়ে দেওয়া হলো ও শেয়ারবাজার লুট হয়ে গেল—এর প্রতিবাদে ক’জন লোক মুখ খুলেছেন?আজ শনিবার গণফোরামের চতুর্থ জাতীয় কাউন্সিলে সভাপতির ভাষণে ড. কামাল হোসেন এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এ কাউন্সিলে তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আল্লাহ আপনাদের মুখ দিয়েছেন কথা বলার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। অথচ আপনারা সংসদে কথা বলেন না। কেন, আল্লাহ কি আপনাদের বোবা করে বানিয়েছেন? এখন মুখ-কান-চোখ খোলার সময় হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ, ডেপুটি স্পিকার শওকত আলীসহ ক’জন মুখ খুলতে শুরু করেছেন। এটা ভালো লক্ষণ। মনে রাখতে হবে, কালো কোট পরে বোবার মতো বসে থাকলে বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করা হয়।’ড. কামাল আরও জানান, ক্ষমতার মালিক জনগণকে প্রজা বানিয়ে দেওয়ার রোগ ঢুকেছে রাজনীতিতে। দলগুলো মনোনয়ন-বাণিজ্য করে জিতে এসে দেশের মানুষকে প্রজা বানিয়ে দিচ্ছে। মানুষকে প্রজা বানিয়ে কিছু লোক বলছেন, এটাই গণতন্ত্র। কিন্তু এটা গণতন্ত্র নয়। এভাবে দেশ চলতে পারে না।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আকবর আলী খান বলেন, ‘স্বাধীনতার ৪০ বছরে আমরা অনেক অসম্ভবকে সম্ভব ও সম্ভবকে অসম্ভব করেছি। দেশ স্বাধীন হওয়ার শুরুতে বলা হয়েছিল, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। অথচ এখন আমাদের মাথাপিছু আয় বেড়েছে, কৃষির উন্নতি হয়েছে, আমদানিনির্ভরতা কমেছে। সমস্যা হলো, দেশের জনসংখ্যার ৮৮ ভাগ এখনো গরিব। এ সংখ্যা দিন দিন বাড়ছে। সুশাসন নামের সম্ভবকে আমরা অসম্ভব করে তুলেছি।’সম্মেলনে স্বাগত বক্তব্য দেন গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাসদের সাংসদ মইনউদ্দিন খান বাদল, ফরোয়ার্ড পার্টির সভাপতি মোস্তফা আমীর, আওয়ামী লীগ থেকে সম্প্রতি পদত্যাগ করা নারায়ণগঞ্জের নেতা এস এম আকরাম প্রমুখ।