সংসদে স্পিকার ও সাবেক স্পিকারের তুমুল বিতর্ক
বিরোধীদলীয় সাংসদদের কথা বলার সুযোগ দেওয়া নিয়ে স্পিকার আবদুল হামিদ ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মধ্যে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে তুমুল বিতর্ক হয়েছে। তাঁরা পরস্পরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং উভয়ে তা গ্রহণও করেন।এ ছাড়া বিরোধীদলীয় সাংসদদের নির্বাচনী এলাকায় সরকারি দলের নারী সাংসদদের বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে মাগরিবের নামাজের বিরতির পর আধা ঘণ্টা অনির্ধারিত বিতর্ক হয়।বিএনপিদলীয় সাংসদ জমির উদ্দিন সরকার বলেন, গত সংসদে তিনি স্পিকার থাকাকালে তত্কালীন বিরোধী দলকে পয়েন্ট অব অর্ডারে কথা বলার বেশি সুযোগ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি যে পরিমাণ সময় দিয়েছি, সপ্তম জাতীয় সংসদেও (১৯৯৬-২০০১) বিরোধী দলকে এত সময় দেওয়া হয়নি।’এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, ‘গত সংসদে সুরঞ্জিত সেনগুপ্ত গ্রেনেড হামলায় আহত হয়ে রক্তমাখা অবস্থায় সংসদে এসে কথা বলার জন্য দাঁড়ালেও তাঁকে সুযোগ দেওয়া হয়নি। এ ছাড়া তখন কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী সদস্য হিসেবে আমাকে বিদেশে বৈঠকে অংশ নিতে দেওয়া হয়নি। আমার পরিবর্তে বর্তমানে বিমানমন্ত্রী ও তত্কালীন সাংসদ জি এম কাদেরকে পাঠানো হয়।’ জবাবে জমির উদ্দিন বলেন, ‘আপনি বৈঠকে গিয়েছেন। কিন্তু কোনো অধিবেশনে অংশ নেননি। দায়িত্বশীল একজন আমাকে জানিয়েছেন, আপনার মা মারা যাওয়ায় মন খারাপ ছিল। আপনি সবসময় হোটেল কক্ষেই ছিলেন।’এ পর্যায়ে স্পিকার বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিলাম। আমি যাইনি।’ জমির উদ্দিন বলেন, ‘আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম।’ আবদুল হামিদ বলেন, ‘আপনাদের দলীয় সাংসদ এম কে আনোয়ারকে এই চ্যালেঞ্জ পরীক্ষা করে তা সংসদে বলার জন্য দায়িত্ব দিলাম। তিনি সংসদে এসে এ ব্যাপারে বলবেন।’বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে সরকারদলীয় নারী সাংসদ নাজমা আকতারকে লক্ষ্মীপুর-১ আসনে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া-সংক্রান্ত চিফ হুইপ আব্দুস শহীদের চিঠি পড়ে বলেন, ‘আমাদের আসনের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারদলীয় নারী সাংসদদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই চিঠি প্রত্যাহার করতে হবে।’বিএনপির মওদুদ আহমদ একে অসাংবিধানিক এবং বেআইনি আখ্যা দিয়ে বলেন, নারী সাংসদেরা সারা দেশের জন্য নির্বাচিত। কোনো নির্দিষ্ট এলাকার জন্য নন। এ সময় স্পিকার বলেন, ‘গত বিএনপি সরকারের সময় সাংসদ হিসেবে আমরা বরাদ্দ পেলেও জেলা মন্ত্রী অনুমোদন না দিলে কোনো কাজ করা যেত না। ফলে আমার এলাকায় পাঁচ বছরে কোনো কাজ করতে পারিনি। পরে উচ্চ আদালত জেলা মন্ত্রীর বিধান বেআইনি ঘোষণা করেন।’ এ সময় মওদুদ বলেন, ১৯৯৬ সালের রেকর্ড আরও খারাপ। জেলা মন্ত্রীর বিধান সে সময় করা হয়েছিল।সরকারদলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘গত জোট সরকারের সময় ব্যক্তিগতভাবে আমি তিনবার আক্রান্ত হয়েছি। তত্কালীন বিরোধীদলীয় নেত্রী আক্রান্ত হয়েছেন। চারজন সাংসদ নিহত হয়েছেন। এসব বিষয়ে সংসদে কথা বলতে বারবার চেষ্টা করেছি। সুযোগ দেওয়া হয়নি। বরং বিদ্রূপ করা হয়েছে। বলা হতো, দলীয় কোন্দলে এসব ঘটনা ঘটেছে। স্পিকারের আসন থেকেও কোনো সহায়তা পাইনি। তখন দলীয় সংকীর্ণতা দেখেছি।’ তিনি এসব ঘটনা উল্লেখ করে বিরোধীদলীয় সাংসদদের বিবেককে জিজ্ঞেস করার অনুরোধ করেন।সুরঞ্জিত বলেন, ‘১৯৯০ থেকে ১৯৯৫ সাল মেয়াদে জেলা মন্ত্রীর বিধান করা হয়। জেলা মন্ত্রী করায় আমিও বঞ্চিত হয়েছিলাম।’ নারী সাংসদের নির্বাচনী এলাকায় বিশেষ বরাদ্দ সংবিধানসম্মত বলে উল্লেখ করে তিনি বলেন, ৩০০ সাংসদ দেড় শ টন গম পেয়েছেন। নারী সাংসদদের মাধ্যমে জনগণ যদি আরও বেশি বরাদ্দ পায়, তা সংবিধানবিরোধী নয়।সরকারি দলের চিফ হুইপ বিতর্কে অংশ নিয়ে বলেন, ‘নারী সাংসদেরা কে কোথায় কীভাবে কাজ করবেন, সে ব্যাপারে দিকনির্দেশনা দেওয়ার অধিকার দলের সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে। চিঠি দিয়ে বিরোধী দলের সাংসদদের বরাদ্দ বা তাঁদের কাজের অংশীদার করিনি।’এ সময় স্পিকার দুই প্রধান হুইপকে চিঠি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। বিরোধীদলীয় চিফ হুইপ এ প্রস্তাব সমর্থন করেন। এর আগে পয়েন্ট অব অর্ডারে বিএনপির এম কে আনোয়ার বিতর্কের সূচনা করে বিরোধীদলীয় সাংসদদের আরও বেশি কথা বলার সুযোগ দিতে স্পিকারের প্রতি অনুরোধ জানান।