সংসদে হরতাল বন্ধের আইন করতে হবে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সংসদে হরতাল বন্ধের আইন করতে হবে। হরতাল এখন দেশবাসীর কাছে আতঙ্কের নামে পরিচিতি পেয়েছে। এখন হরতালের ভয়ে কেউ গাড়ি বের করে না, বের করলেই আগুন দেওয়া হয়। এ ধরনের কর্মসূচি গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় যুব সংহতির কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সারা দেশ থেকে যুব সংহতির পাঁচ শতাধিক প্রতিনিধি যোগ দেন।সংগঠনের সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার শুভেচ্ছা বক্তব্য দেন।এরশাদ আরও বলেন, ‘আমরা মহাজোটে আছি। মহাজোটে থাকব এবং জোটটিকে আরও শক্তিশালী করব। কারণ, মহাজোটকে শক্তিশালী না করলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না।’জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘শান্তি, অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে ’৯০ সালে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় গত ২০ বছরেও দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। সবাইকে মনে রাখতে হবে গণতন্ত্র মানেই হরতালের সুযোগ নয়।’এরশাদ গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান ।