সংসদে ১৬৩,৫৮৯ কোটি টাকার বাজেট পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১১-১২ অর্থবছরের এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল চারটা ২৫ মিনিটে অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতা শুরু করেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বিকেল চারটার পরপরই প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী একসঙ্গে সংসদে প্রবেশ করেন।চলতি ২০১০-১১ অর্থবছরের মূল বাজেট ছিল এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার। অর্থাত্ আগামী বছরের প্রস্তাবিত বাজেট বর্তমান বছরের মূল বাজেট থেকে ৩১ হাজার ৪১৯ কোটি টাকার বেশি।প্রস্তাবিত বাজেটে রাজস্ব বা অনোন্নয়ন ব্যয় ধরা হয়েছে এক লাখ ১৭ হাজার ৫৮৯ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর, এনবিআর-বহির্ভূত কর ও কর ব্যতীত আয় থেকে এ অর্থ সংগ্রহ করা হবে।অন্যদিকে প্রস্তাবিত আগামী অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়নব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের মূল এডিপি ছিল ৩৮ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু, দুই দফা সংশোধনের পর এডিবি দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৮০ কোটি টাকা। প্রস্তাবিত আগামী বছরের এডিপি হচ্ছে চলতি বছরের মূল উন্নয়ন ব্যয় থেকে সাত হাজার ৫০০ কোটি টাকা বেশি।আগামী বছরের বাজেটে অনুদান বাদে ঘাটতি ধরা হয়েছে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা।এই ঘাটতি অর্থায়নের বড় অংশ অভ্যন্তরীণ খাত থেকে ঋণ করে মেটানো হবে। অভ্যন্তরীণ খাতে মোট ঋণ দেখানো হচ্ছে ২৭ হাজার ২০৮ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা। আর সঞ্চয়পত্রের মাধ্যমে জনগণের কাছ থেকে সংগ্রহ করা হবে আট হাজার ২৫১ কোটি টাকা। এ ছাড়া আরও অন্যান্য খাত থেকে ঋণ করে বাজেট অর্থায়ন করা হবে।ঘাটতি অর্থায়নে বৈদেশিক সাহায্য ধরা হয়েছে ১৭ হাজার ৯৯৬ কোটি টাকা।উল্লেখ্য, চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ করার লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৬৮০ কোটি টাকা। কিন্তু মূলত বৈদেশিক সাহায্য কম আসার কারণে ব্যাংক ব্যবস্থা থেকে ১৮ হাজার ৩৭৯ কোটি টাকা ঋণ করার জন্য সংশোধিত বাজেটে প্রস্তাব করা হয়েছে।অর্থমন্ত্রী নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবনা উত্থাপনের আগে চলতি বছরের এক লাখ ৩০ হাজার ১১ কোটি টাকার সংশোধিত বাজেট জাতীয় সংসদে পেশ করেন।