সংসদে ৪২ সন্ত্রাসীর তালিকা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে দেওয়া দেশের শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা। কমিটির একাধিক সদস্য এ ব্যাপারে মন্ত্রণালয়ের বক্তব্য চেয়েছেন।জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, কমিটির আগামী সভায় এ বিষয়ে আলোচনা করা হবে। ওই সভায় সন্ত্রাসীদের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম। কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, হুইপ মির্জা আজম, মুজিবুল হক, নুরুল ইসলাম, সানজিদা খানম ও রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভার কার্যসূচিতে না থাকলেও সংসদে উত্থাপিত চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা নিয়ে প্রশ্ন তোলেন মির্জা আজম। তিনি বলেন, সংসদে দেওয়া তালিকায় মৃত ব্যক্তিদের নাম থাকবে, এটা মোটেও কাম্য নয়। আর বড় বড় সন্ত্রাসীরা বাদ পড়বে অথচ ছিঁচকে সন্ত্রাসীরা শীর্ষ তালিকাভুক্ত হবে, এটা মেনে নেওয়া যায় না। তাঁর বক্তব্যের সঙ্গে একাধিক সদস্য একমত প্রকাশ করেন।জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে এরই মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি সংগ্রহ করতে বলা হয়েছে। তিনি জানান, পরবর্তী বৈঠকে এ নিয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে।বৈঠকে কারাবিধি সংশোধনের সুপারিশ করে বলা হয়, দণ্ড পাওয়া ব্যক্তিরা যাতে শাস্তির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বের হতে পারে, তার ব্যবস্থা করতে হবে। বৈঠকে দীর্ঘমেয়াদি ও যাবজ্জীবন সাজা পাওয়া আসামিদের সাজা মওকুফ ও মুক্তিপ্রক্রিয়া সহজ করার সুপারিশ করা হয়েছে।কমিটির সভাপতি আবদুস সালাম কমিটির বৈঠক সম্পর্কে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি। তবে সদস্য মুজিবুল হক সাংবাদিকদের বলেন, শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের তালিকা নিয়ে কমিটির আগামী সভায় আলোচনা হবে। সভায় এসিড নিয়ন্ত্রণ সংশোধন আইন চূড়ান্ত করা হয়।গত সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৪২ জন শীর্ষস্থানীয় সন্ত্রাসীর হালনাগাদ করা তালিকা প্রকাশ করেন। মৃত ব্যক্তির নাম থাকাসহ নানা কারণে এ তালিকা নিয়ে পুলিশ প্রশাসনসহ সরকারের সর্বত্র তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।