সংসদেও তোপের মুখে যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ‘দেশে সড়কগুলোর অবস্থা যে ভালো নয়, সেটি সব সাংসদ বলবেন, আমিও বলব। গণমাধ্যমেও বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে। কিন্তু সময়মতো প্রয়োজনীয় অর্থের অভাবে এসব রাস্তা ভালো রাখা যায়নি। যখন ন্যূনতম পাঁচ হাজার ১০০ কোটি টাকা প্রয়োজন, তখন দেওয়া হয়েছে ৫৯০ কোটি টাকা।’আজ রোববার জাতীয় সংসদে রাস্তাঘাটের বেহালদশা নিয়ে সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এসব কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সরকারি দলের সাংসদেরাই রাস্তাঘাটের দুরবস্থা নিয়ে আক্রমণাত্মক প্রশ্ন করলেও মন্ত্রী ছিলেন রক্ষণাত্মক ভূমিকায়। সব প্রশ্নের জবাবেই তিনি প্রশ্নকর্তা সাংসদদের সঙ্গে একমত হয়ে জবাব দিয়েছেন।সরকারি দলের সাংসদ ফজলে রাব্বী মিয়া বলেন, ‘গাইবান্ধায় দুটি সেতু করার কথা দুই বছর ধরে বলে আসছি। মন্ত্রীর আশ্বাস পেয়ে এলাকার মানুষকে আশ্বাসের বাণী শুনিয়েছি। এখন মানুষ আর আশ্বাস শুনতে চায় না। অবস্থা এমন দাঁড়িয়েছে এলাকায় গেলে মানুষ গাড়িও ভেঙে দিতে পারে।’ মন্ত্রীর কাছে জানতে চান কবে তিনি গাইবান্ধায় গিয়ে এ সেতুর কাজ শেষ করবেন। জবাবে মন্ত্রী বলেন, ‘কী কারণে ওই সেতুর কাজ বিলম্ব হচ্ছে, তা ওই সাংসদও জানেন। তবে বর্তমান সরকারের মেয়াদেই এ কাজ করা হবে।’যশোরের সাংসদ খালেদুর রহমান তাঁর এলাকার রাস্তাঘাটের বেহালদশার কথা উল্লেখ করে বলেন, যশোর-খুলনা, যশোর-মাগুরা এবং যশোর-নড়াইল সড়কের অবস্থা খুবই নাজুক। এক ঘণ্টার রাস্তা পার হতে তিন ঘণ্টা লাগছে। যেকোনো সময় পুরো যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম যোগাযোগমন্ত্রীর সমালোচনা করে বলেন, মন্ত্রী একজন সফল ব্যবসায়ী। কিন্তু সফল ব্যবসায়ী আর সফল মন্ত্রী ভিন্ন কথা। সংসদে মন্ত্রী অনেক আশার বাণী শোনালেও কোনো কাজ হয় না। এ সময় আজিম জানতে চান, পদ্মা সেতুর সর্বশেষ খবর কী? জবাবে মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পদ্মা সেতু বাস্তবায়ন হবেই। কোনো বাধা থাকলে তা দূর করা হবে।সরকারি দলের আরেক সাংসদ সুবিদ আলী ভূঁইয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজের অবস্থা সম্পর্কে জানতে চান। তিনি বলেন, ‘২০১৩ সালের মধ্যে এ কাজ শেষ হবে বলে যোগাযোগমন্ত্রী জানিয়েছেন। কিন্তু যেভাবে কাজ চলছে, তাতে তা আগামী ১০ বছরেও শেষ হবে কি না, জানি না।’ জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, প্রশ্নকর্তা মাননীয় সাংসদ বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তাঁর মন্ত্রণালয়ের অনেক টাকা বরাদ্দ রয়েছে। সেখান থেকে কিছু টাকা দিলে কাজ দ্রুত করা সম্ভব।