সংসদেও যেতে চায় বিএনপি: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংলাপের মতো সংসদেও যেতে চায়। তবে সে জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে।গতকাল বুধবার সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নতুন কমিটি নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল গণমাধ্যমকে এ কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছি। পরিবেশ সৃষ্টি করা হলে সংসদ অধিবেশনেও যোগ দিতে চাই। আমরা কখনো বলিনি, সংসদ বর্জন করেছি, সংসদে ফিরে যাব না। কেবল অধিবেশনে যাচ্ছি না।’এদিকে বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি কি নিজে এই সংলাপের উদ্যোগ নিয়েছেন, না সরকারের পরামর্শে? যদি সরকারের পরামর্শে হয়ে থাকে তাহলে কোন উদ্দেশ্যে এই সংলাপ, তা নিয়ে আমাদের সংশয় আছে।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি সংলাপে যাবে। সেখানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি উত্থাপন করা হবে। তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। আমরা চাই না তাঁর কোনো উদ্যোগ ব্যর্থ হোক।’সম্মিলিত পেশাজীবী পরিষদ ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালই রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র উপায়’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে।মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ ‘গণতন্ত্রের খোলসে’ একদলীয় শাসনব্যবস্থা-বাকশাল কায়েমের নীলনকশা তৈরি করেছে। এ জন্য তারা বিচার বিভাগ ও সংসদের সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে সরকার গোটা জাতিকে অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।সভাপতির বক্তব্যে দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান রাষ্ট্রপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, তিনি সম্মান রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। নুরুল ইসলামের হত্যাকারীকে ক্ষমা করে রাষ্ট্রপতির পদ কলঙ্কিত করেছেন। মাহমুদুর রহমানের মতে, ‘রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের এজেন্ডা হতে হবে দুটি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং নির্বাচন কমিশন পুনর্গঠন। এ ছাড়া কোনো আলোচনাই অর্থবহ হবে না।’আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিচারপতি আবদুর রউফ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ফ ম ইউসুফ হায়দার, বোরহান উদ্দিন খান প্রমুখ বক্তব্য দেন।