সংসদের বাজেট অধিবেশন শেষ হচ্ছে কাল
জাতীয় সংসদের ঘটনাবহুল বাজেট অধিবেশন কাল বৃহস্পতিবার শেষ হচ্ছে। গত ২ জুন এ অধিবেশন শুরু হয়। নবম জাতীয় সংসদের এটি পঞ্চম অধিবেশন।১০ জুন সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করেন। বাজেটের ওপর ৪০ ঘণ্টার বেশি সময় আলোচনার পর গত ৩০ জুন চলতি অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়।এ ছাড়া এ অধিবেশনে আজ বুধবার সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।বাজেট অধিবেশনের প্রথম দিন প্রধান বিরোধী দল এক দিনের জন্য যোগ দিলেও আজ পর্যন্ত আর তারা সংসদে ফেরেনি। কাল পর্যন্ত এ অধিবেশনের মেয়াদ হচ্ছে ৩১ কার্যদিবস।অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী বক্তব্য দেবেন। প্রধান বিরোধী দল না এলেও অন্য বিরোধী দলের সদস্যরা বক্তব্য দেবেন। এরপর স্পিকারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এ অধিবেশন শেষ হবে।