সংসদের অধিবেশন আজ আবার বসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ বুধবার বিকেল তিনটায় আবার শুরু হচ্ছে। প্রধান বিরোধী দল বিএনপি প্রায় আট মাস পর আজ সংসদে ফিরতে পারে। গত বছরের ৭ এপ্রিলের পর থেকে বিরোধী দলের সদস্যরা অধিবেশনে যোগ দেননি।বিএনপি গত বৃহস্পতিবার সংসদে ফেরার সিদ্ধান্ত নিলেও আজ ফিরবে কি না, তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি। তবে বিরোধী দলের নেতার পক্ষ থেকে বিএনপিসহ বিরোধী দলের সব সাংসদকে ঢাকায় অবস্থান করতে বলা হয়েছে।বিএনপির নেতা মওদুদ আহমদ এ ব্যাপারে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বিরোধী দল সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধ বা বৃহস্পতিবারই তারা সংসদে যোগ দেবে। বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, বিরোধী দল এ সপ্তাহেই সংসদে ফিরবে। তবে আজ তারা সংসদে যাবে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।এদিকে ডেপুটি স্পিকার শওকত আলী বিরোধী দলের সংসদে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রধান বিরোধী দলকে সংসদে স্বাগত জানাই। বিরোধী দলের আগমনে সংসদ আরও প্রাণবন্ত হবে বলে আশা করি। কারণ বিরোধী দল সংসদের কার্যকর অংশ।’ গতকাল সংসদ ভবনে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।ডেপুটি স্পিকার বলেন, সংসদে সরকারি ও বিরোধী দলকে সমান সুযোগ দেওয়া হবে। তবে দুই পক্ষই সংসদীয় ভাষা ব্যবহারের মাধ্যমে সংসদের পবিত্রতা রক্ষা করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে সবাই অবদান রাখবেন বলে জাতি আশা করে।বিএনপির সংসদীয় দলের ব্রিফিং: দুপুরে বিএনপির সংসদীয় দলের সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের চিফ হুইপ বলেন, বিরোধী দল যাতে সংসদে না যায়, সে জন্য সরকার পরিকল্পিতভাবে বিএনপির নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। একটি গোয়েন্দা সংস্থা এ কাজে সরকার ও গণমাধ্যমকে বিভ্রান্ত করছে। জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এই ব্রিফিং হয়। বিএনপির সাংসদ মাহবুবউদ্দিন খোকন ও আশরাফউদ্দিন নিজান এ সময় উপস্থিত ছিলেন।জয়নাল আবদিন ফারুক বলেন, চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় তারেক রহমান এবং হাওয়া ভবন সম্পর্কে সরকার অপপ্রচার চালাচ্ছে। এসব মিথ্যা ও বানোয়াট তথ্যের মাধ্যমে তারা একটি অস্থির পরিবেশ সৃষ্টি করতে চায়। তিনি বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে সরকার প্রমাণ করতে চায়, বিরোধী দল সংসদে না থাকুক। এর পরও জনগণের কথা বলার জন্য বিরোধী দল সংসদে যাবে।গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন আখ্যায়িত করে বিরোধী দলের চিফ হুইপ বলেন, এসব সাজানো নাটক। সংসদে থাকা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা যখন সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ঠিক তখনই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা জিয়াকে অমানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। এ থেকে এটাই প্রমাণিত হয়, তাঁরা বিরোধী দলকে সংসদে চান না। তাঁদের অপকর্ম সম্পর্কে আমরা সংসদে গিয়ে বক্তব্য দেব, যাতে জনগণের সামনে তাঁদের আসল চেহারাটা প্রকাশ হয়ে যায়।’