সংসদের কাছে যে কেউ জবাবদিহি করতে বাধ্য: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংসদ জনগণের সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করে। সংবিধান অনুযায়ী বিচার বিভাগও সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য।আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে সুরঞ্জিত সেন এ কথা বলেন। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী জনগণই সকল ক্ষমতার উত্স। সার্বভৌম সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে। সংসদেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সবাই জবাবদিহি করে। রাষ্ট্রপতির অভিশংসনও সংসদই করে। সংসদ হচ্ছে সবকিছুর স্রষ্টা। আর ক্রিয়েশন দিয়ে ক্রিয়েটর ধ্বংস হবে, সেটা হতে পারে না।’সংসদ সার্বভৌম নয় বলে বিচারপতিরা যে মত প্রকাশ করেছেন, সে সম্পর্কে সুরঞ্জিত বলেন, ‘সুপ্রিম কোর্টের কোনো মুখপাত্র এ মতামত জানায়নি। তা ছাড়া এটা কোনো বিচারিক আদেশ নয়। যদি আদালতের মুখপাত্র এটা বলত, তাহলে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংবাদপত্রগুলো বিক্ষিপ্তভাবে এ সংবাদ পরিবেশন করেছে। ওই বৈঠকটি কোনো বিচারিক সভা ছিল না। বিচারপতিরা তাঁদের মতামত প্রকাশ করেছেন মাত্র।’সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, বিভ্রান্তি দূর করতেই এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সংবিধানকে সমুন্নত রেখে প্রধান বিচারপতি অবশ্যই বিচার বিভাগের মর্যাদা রক্ষা করে চলবেন। তেমনি সংসদও সংবিধান মেনে তার কাজ করবে।