সংসদের চলতি অধিবেশনে ১৩ দাবি পাস করার আহ্বান আল্লামা শফীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চলতি অধিবেশনে হেফাজতে ইসলামের ১৩ দাবি পাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফী।গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ‘শানে রিসালাত’ মহাসমাবেশে সভাপতির বক্তব্যে আল্লামা শফী এ আহ্বান জানান।সমাবেশ থেকে হেফাজতের ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচির সমর্থনে আগামী শুক্রবার সারা দেশের সাড়ে চার লাখ মসজিদ থেকে মিছিল বের করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সাভারে ভবনধসে আহত ব্যক্তিদের জন্য রক্ত সংগ্রহ এবং নিহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।আল্লামা আহমদ শফী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও দোয়া করতে গিয়ে বলেন, ‘হে আল্লাহ, নেত্রীকে মুসলমান হিসেবে কবুল করে নাও। আমাদের দাবিদাওয়া অতিসত্বর পূরণ করতে ওনাকে তওফিক দান করো।’ এ সময় তিনি আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি ও তাঁর শারীরিক সুস্থতা কামনা করেন।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে হেফাজতের আমির বলেন, ‘ক্ষমতা দখল করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য ১৩ দফা বাস্তবায়ন। আমরা সরকারকে ১৩ দফা দিয়েছি। এখন সংসদ চলতেছে। নেত্রীকে এখনো বলতেছি, আপনি খুব তাড়াতাড়ি ১৩ দফা মেনে নিন, মেনে নিন, মেনে নিন। সংসদে এটা তোলেন, তোলেন, তোলেন।’আল্লামা আহমদ শফী বলেন, ‘আমাদের সঙ্গে কারও বিরোধ নেই। যারা আল্লাহ মানতেছে না, রাসুল মানতেছে না, তারা তো আল্লাহর দেশে থাকতে পারে না। আল্লাহর দেশে থাকতে হলে আল্লাহর আইনকানুন মেনে চলতে হবে। এটা কমিউনিস্টদের দেশ না, এটা আল্লাহর দেশ। আল্লাহর দেশে থাকার জন্য একমাত্র অধিকার রয়েছে মুসলমানদের। নাস্তিকবাদীরা এ দেশ থেকে চলে যাক।’হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ মহাসমাবেশের আয়োজন করা হয়। গতকাল সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ হেফাজতের সমর্থকেরা মিছিল নিয়ে মহাসমাবেশে আসতে থাকেন। জুমার নামাজের পর পুরো জমিয়াতুল ফালাহ মাঠ ও মসজিদ, ওয়াসা মোড়, লালখানবাজার, আলমাস সিনেমা হলের আশপাশের সড়ক ভরে যায়।গতকালের সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনায়েদ বাবুনগরী, জ্যেষ্ঠ নায়েবে আমির মহিবুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, মুফতি মোজাফফর আহমদ, সৈয়দ আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজাহার, আশরাফ আলী নিজামী, শেখ আহমদ, আজিজুল হক আল মাদানী, জাফর উল্লাহ খান প্রমুখ। সমাবেশে হেফাজতের নেতা-কর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগে চট্টগ্রামের লালখান বাজারের যুবলীগ নেতা দিদারুল আলম ওরফে মাসুমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।সমাবেশে ইন্ডিপেনডেন্টের প্রতিবেদক মো. সাব্বির ও চ্যানেল-২৪-এর ক্যামেরাম্যান দীপঙ্কর দাশকে লাঞ্ছিত করেন হেফাজতের কর্মীরা। ঢাকার মিরপুরে সমাবেশ: গতকাল জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশন ঈদগাহ ময়দানে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সমাবেশে সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী ১৩ দফা দাবি না মানলে সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি জানান। হেফাজতের মিরপুর অঞ্চলের আহ্বায়ক মোস্তফা আযাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মধুপুরের পীর আবদুল হামিদ, আবদুল লতিফ নেজামী, ঢাকা মহানগরের সদস্যসচিব জুনায়েদ আল হাবীব, যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী, আবুল হাসানাত আমিনী প্রমুখ।